নাজমুল, সাভার-আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়া ও ধামরাইয়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে ৫ হাজার ৫০টি ইয়াবা ট্যাবলেট, ৫০ পুরিয়া হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।
শনিবার (২২ আগস্ট) রাতে আশুলিয়া ও ধামরাই থানার বিভিন্ন এলাকায় অভিযানগুলো পরিচালনা করা হয়। ঢাকা জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি (উত্তর) এর ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে রাত ৭টা ৪৫ মিনিটে আশুলিয়ার বারইপাড়া এলাকায় অভিযান চালানো হয়।
এ সময় পেশাদার মাদক ব্যবসায়ী দিলদার মিয়া (৩৫) ও সুমন তালুকদার (২৮)কে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫০০ গ্রাম এবং আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।
এরপর রাত ১০টা ১০ মিনিটে ধামরাই থানার বালিথা এলাকায় পৃথক অভিযান চালিয়ে মাসুম মিয়া ওরফে মাজু (২৪)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
একই রাতে রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ডিবি। এ সময় জান্নাত হোসেন সোহাগ (২৯)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের ওজন প্রায় ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।
পুলিশ জানায়, গ্রেপ্তার দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।
গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।