খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী পালন

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার খলিসাকুন্ডি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালন করা হয়েছে।

এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। সিনিয়র শিক্ষক বকুল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জন্ম ও কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা মহানবী (সা.)-এর আদর্শ অনুসরণ করে শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দেশপ্রেমের চেতনায় গড়ে ওঠার আহ্বান জানান।
পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সবার কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

শিক্ষার্থীরা ধর্মীয় আলোচনা ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করে। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পুরো আয়োজনটি সম্পন্ন হয়।