দক্ষিণাঞ্চলের মানুষের জন্য পাঁচতলা হাসপাতাল, বিনামূল্যে চিকিৎসাসেবার আশ্বাস
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার দৌলতপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথির বক্তব্যে কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. নুরুজ্জামান ওরফে হাবলু মোল্লা দৌলতপুরের দক্ষিণাঞ্চলের মানুষের জন্য একটি পাঁচতলা হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, ওই হাসপাতালে এলাকার মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে উপজেলার ১৪ নম্বর আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া হাবলু মোল্লা চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করে আড়িয়া ইউনিয়ন বিএনপি।
সভায় সভাপতিত্ব করেন আড়িয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জসিম মণ্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. আলমগীর হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি এবং কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আলহাজ্ব মো. নুরুজ্জামান ওরফে হাবলু মোল্লা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন আশরাফুল ইসলাম। বিশেষ বক্তা ছিলেন সুমন আহম্মেদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খলিশাকুন্ডি ইউনিয়ন যুবদল নেতা রাজিব আহম্মেদ। এ ছাড়া বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথির বক্তব্যে হাবলু মোল্লা বলেন, “দল-মত নির্বিশেষে আপনারা আমার ডাকে সাড়া দিয়ে এত নেতাকর্মী এসেছেন, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি বলেন, “আমি আপনাদের সু-চিকিৎসার জন্য একটি পাঁচতলা হাসপাতাল করব।
দৌলতপুর দক্ষিণ অঞ্চলের মানুষ এখানে ফ্রি চিকিৎসা পাবে।বক্তারা বিএনপির প্রতিষ্ঠার ইতিহাস, দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম এবং ভবিষ্যৎ কর্মকৌশল নিয়ে আলোচনা করেন।
পরে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।