ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় দেশীয় প্রজাতির মাছ ও প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

‎৩ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকালে উপজেলার কাজিহাটা এলাকায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ অনুযায়ী এই মোবাইল কোর্ট ও অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেড়ামারা সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান।

‎মৎস্য অফিস সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে কাজিহাটা এলাকার নদী-নালা ও জলাশয়ে অভিযান চালিয়ে মাছের প্রজনন ও প্রাকৃতিক বংশবৃদ্ধি ধ্বংসকারী নিষিদ্ধ ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। জব্দকৃত এই ক্ষতিকর জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৭০,০০০ টাকা।

‎পরবর্তীতে জব্দকৃত অবৈধ জালগুলো উপজেলার সাতবাড়িয়া বাজারে নিয়ে এসে সর্বসাধারণের উপস্থিতিতে পুড়িয়ে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়।
‎অভিযান পরিচালনাকালে ভেড়ামারা থানার সাব-ইন্সপেক্টর (এসআই) আল-আমিনসহ পুলিশের একটি চৌকস দল এবং উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষা ও সহযোগিতা প্রদান করেন।

‎সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ রাশেদ হাসান জানান, নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জলাশয়ের ছোট-বড় সব ধরনের মাছ ও জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকিস্বরূপ। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও মৎস্যসম্পদ সুরক্ষায় জনস্বার্থে এই ধরনের কঠোর অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।