কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য, উৎসাহ-উদ্দীপনা ও বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যথাযথ মর্যাদায় পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত উৎসব-২০২৬ পালিত হয়েছে।

আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির উদ্যোগে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন ধর্মীয় কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির শুরুতে সকাল ১১:০০ টায় কেন্দ্রীয় কালিবাড়ি প্রাঙ্গনে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ির সভাপতি বাবু রমেন্দ্র নারায়ণ শীল এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক রামেন্দ্র সুন্দর বোস এর সঞ্চালনায় উক্ত আলোচনা সভা ও দিনব্যাপী কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিক, নাগরপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হাবিবুর রহমান হবি, নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জহুরুল ইসলাম।

এছাড়াও দিনব্যাপী কর্মসূচিতে উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক ভক্তবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের আদর্শ মানবজীবনে সত্য, ন্যায়, মানবতা, প্রেম ও সম্প্রীতির শিক্ষা দেয়। তাঁর জীবনাদর্শ অনুসরণ করে সমাজে শান্তি, সৌহার্দ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠায় সবাইকে একযোগে কাজ করতে হবে।

আলোচনা সভা শেষে কালীবাড়ি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটি নাগরপুরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে এসে শেষ হয়।

শোভাযাত্রায় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় ভক্তদের কণ্ঠে শ্রীকৃষ্ণের নামসংকীর্তন, ধর্মীয় সংগীত ও নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা।

জন্মাষ্টমী উপলক্ষে কেন্দ্রীয় কালীবাড়ি প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। ধর্মীয় আচার-অনুষ্ঠান, গীতা পাঠ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ, পূজা-অর্চনা, প্রার্থনা, নামসংকীর্তন ও আলোচনা সভা সহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন করা হয়।

জন্মাষ্টমী উৎসবকে কেন্দ্র করে নাগরপুর কেন্দ্রীয় কালীবাড়ি ও আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমীব্রত পালনের মধ্য দিয়ে নাগরপুরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক আনন্দ-উচ্ছ্বাস সৃষ্টি হয়।