কুষ্টিয়ার দৌলতপুরে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় ওয়াদ মালিথা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেলে থাকা তিন যুবককে আটক করেছে এলাকাবাসী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে তাদের হেফাজতে নেয়।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আড়িয়া ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওয়াদ মালিথা ওই গ্রামের মৃত আদু মালিথার ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ওয়াদ মালিথা বাড়ির সামনে রাস্তার পাশে বসে ছিলেন। এ সময় খলিশাকুন্ডির দিকে যাওয়া একটি ডিসকভার মোটরসাইকেলে চারজন যুবক দ্রুতগতিতে যাচ্ছিলেন। একপর্যায়ে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা ওয়াদ মালিথাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পর মোটরসাইকেলের চালক আলামিন (১৭) পালিয়ে যান। এ সময় মোটরসাইকেলে থাকা রাব্বি (১৬), হুসাইন (১৭) ও মুরসালিন (১৬) নামে তিনজনকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। স্থানীয়দের দাবি, আটক ও পলাতক যুবকরা পার্শ্ববর্তী ভেড়ামারা গ্রামের বাসিন্দা।
এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসীর মধ্যে আটক তিন যুবককে মারধরের ঘটনা ঘটার আশঙ্কা তৈরি হয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে আটক তিনজন পুলিশের হেফাজতে রয়েছে।
স্থানীয়রা জানান, অপ্রাপ্তবয়স্ক অবস্থায় একটি মোটরসাইকেলে চারজন যুবকের একসঙ্গে চলাচল এবং দ্রুতগতিতে মোটরসাইকেল চালানোর ঘটনায় এলাকায় উদ্বেগ সৃষ্টি হয়েছে।
এ ঘটনাকে কেন্দ্র করে ঘোড়ামারা ও ভেড়ামারা গ্রামের বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মোটরসাইকেলে থাকা তিনজনকে আটক করা হয়েছে এবং তারা বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান।
তিনি আরও জানান, নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
দুই গ্রামের মধ্যে সংঘর্ষের আশঙ্কার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। কেউ অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করলে আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে তা প্রতিহত করা হবে।