কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার পিয়ারপুর ইউনিয়নের কামালপুর মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কামালপুর-ভেড়ামারা কাঁচা সড়কের পাশের মাঠে কৃষিকাজ করতে যান স্থানীয় কয়েকজন। এ সময় ঘাস দিয়ে ঢাকা অবস্থায় হাত বাঁধা এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মরদেহ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল বলে স্থানীয়রা জানান। পরে মরদেহের পরিচয় শনাক্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত যুবকের পরিচয় জানা যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, ‘কামালপুর মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।