ভেড়ামারায় জুয়া খেলার সময় ৮ জন গ্রেপ্তার, নগদ টাকা ও তাস উদ্ধার

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় জুয়া খেলার সময় আটজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৮ হাজার ৮০০ টাকা এবং ৫২টি করে তাসের দুই সেট উদ্ধার করা হয়েছে।
রোববার (৪ অক্টোবর) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে উপজেলার ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায় এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শামীম শেখের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ নাঈমুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি দল ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) গ্রামের মোঃ রুবেল আলমের চায়ের দোকানে অভিযান চালায়। এ সময় সেখানে জুয়া খেলা অবস্থায় আটজনকে আটক করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোঃ রুবেল আলম (৩৬), মোঃ আলিম হোসেন (২৬), মোঃ আনতাজ আলী (৬১), মোঃ উজ্জল আলী সরদার (৩২), মোঃ রাজা (৩৬), মোঃ হিমেল হোসেন (২৭), মোঃ শিপন (৩০) ও মোঃ রকিবুল ইসলাম (২৬)। তারা সবাই ভেড়ামারা উপজেলার ক্ষেমিরদিয়াড় (ভাটাপাড়া) গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, অভিযানে জুয়া খেলার নগদ ৮ হাজার ৮০০ টাকা ও ৫২টি তাসের দুই সেট জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।