দুর্গাপূজার নিরাপত্তায় কুষ্টিয়া-মেহেরপুর সীমান্তে ৮ প্লাটুন বিজিবি মোতায়েন

নিজস্ব প্রতিনিধিঃ
শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে কুষ্টিয়া জেলা এবং মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তবর্তী পূজামণ্ডপের নিরাপত্তায় ৮ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হচ্ছে।

আগামী ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সাত দিন তাঁরা নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ নিরাপত্তার দায়িত্ব পালন করবেন।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোরের উদ্যোগে দায়িত্বপূর্ণ এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে কুষ্টিয়া ও মেহেরপুরের সীমান্তবর্তী পূজামণ্ডপগুলোতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে।

কুষ্টিয়া ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, মোতায়েন করা ৮ প্লাটুনের মধ্যে সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় পাঁচ প্লাটুন এবং ব্যাটালিয়ন সদরের তিন কিলোমিটারের মধ্যে অবস্থিত পূজামণ্ডপগুলোর নিরাপত্তায় তিন প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
নিরাপত্তা নিশ্চিত করতে গত ১০ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সংশ্লিষ্ট পূজামণ্ডপগুলো একাধিকবার পরিদর্শন ও রেকি করা হয়েছে। পাশাপাশি পূজামণ্ডপের সভাপতি ও আয়োজক কমিটির সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় রাখা হচ্ছে। সম্ভাব্য ঝুঁকি শনাক্ত এবং পরিস্থিতি পর্যবেক্ষণে ড্রোনের মাধ্যমেও নজরদারির ব্যবস্থা নেওয়া হয়েছে।

দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন ছয়টি জেলার সীমান্তবর্তী এলাকা এবং খুলনা, যশোর, সাতক্ষীরা, কুষ্টিয়া ও চুয়াডাঙ্গা শহরের মোট ২২২টি পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য ৫৮টি বেইজ ক্যাম্প থেকে নিরাপত্তা কার্যক্রম পরিচালনা করা হবে।

এ ছাড়া যশোর রিজিয়নের অধীন কুষ্টিয়া সেক্টরের দায়িত্বপূর্ণ চারটি জেলার ৬৬টি পূজামণ্ডপের নিরাপত্তায় প্রায় ৭০০ বিজিবি সদস্য মোতায়েন করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করবেন। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় তাঁদের সতর্ক ও প্রস্তুত থাকার নির্দেশনা রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ দুই জেলার প্রায় ৮১ দশমিক ৫ কিলোমিটার সীমান্ত সুরক্ষার পাশাপাশি দুর্গাপূজা উপলক্ষে জননিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ পেশাদারত্ব, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করবে।
এ সময় পূজামণ্ডপ কর্তৃপক্ষ, স্থানীয় জনপ্রতিনিধি, সর্বস্তরের নাগরিক ও গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।