ভেড়ামারায় অবৈধ মাটি উত্তোলনে সহায়তা, দুজনের কারাদণ্ড
‎

‎হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারার মোকারিমপুর ইউনিয়নের রামকৃষ্ণপুরে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোঃ আশিকুর রহমান (৩২) ও মোঃ নাহিদ ইসলাম (২৩)।
‎
‎জানা গেছে, বাংলাদেশ-ভারত বিদ্যুৎ সঞ্চালন কেন্দ্রের নিকটবর্তী সরকারি মালিকানাধীন উন্মুক্ত স্থান থেকে রাতের আঁধারে অবৈধভাবে মাটি উত্তোলনে সহায়তার অভিযোগে তাঁদের ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়।
‎
‎পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী তাঁদের প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
‎