হাবিব হাসান, ভালুকা (ময়মনসিংহ): নেত্রকোনার দুর্গাপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ হত্যার প্রতিবাদে ময়মনসিংহের ভালুকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
দুপুরে ভালুকা উপজেলা পরিষদের সামনে সাংবাদিক সমাজের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ভারতীয় চোরাচালান সিন্ডিকেটের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক আলিফকে পরপর পাঁচ রাউন্ড গুলি করে হত্যার ঘটনা অত্যন্ত নৃশংস ও উদ্বেগজনক। এ হত্যাকাণ্ড স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের নিরাপত্তার ওপর সরাসরি আঘাত।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে ভালুকায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা অংশ নেন।