ভেড়ামারায় ৫ লাখ ৭৬ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস
হেলাল মজুমদার কুষ্টিয়া
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ ৭৬ হাজার টাকা মূল্যের নিষিদ্ধ চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ করেছে মৎস্য বিভাগ। পরে জব্দ করা এসব জাল চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
রোববার (২৫ অক্টোবর) মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন কুষ্টিয়া জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান। এ সময় ভেড়ামারা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ রাশেদ হাসান এবং এসআরবি-১২ সিপিসি-১, কুষ্টিয়ার ডিএডি নকিব সাদেক আলী উপস্থিত ছিলেন।
অভিযানে পদ্মা নদী থেকে প্রাকৃতিক মৎস্যসম্পদ ধ্বংসকারী ১০৬টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ৪ লাখ ২৬ হাজার টাকা। এ ছাড়া ৭ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা জালের আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৭৬ হাজার টাকা।
পরে জব্দ করা এসব নিষিদ্ধ জাল চরগোলাপনগরের ঢাকাপাড়ায় জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে এসআরবি কুষ্টিয়ার সদস্যবৃন্দ এবং উপজেলা মৎস্য অফিসের কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং নদীর প্রাকৃতিক মৎস্যসম্পদ রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধ করা অত্যন্ত জরুরি। এ ধরনের জাল ব্যবহারের ফলে ইলিশের পোনাসহ বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ নির্বিচারে ধরা পড়ে, যা জলজ জীববৈচিত্র্য ও মাছের বংশবিস্তারের জন্য হুমকিস্বরূপ।
মৎস্যসম্পদ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে এবং মা ইলিশ সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।