সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় উৎসবমুখর পরিবেশে সবুজকলি মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎
‎বুধবার (৪ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সংসদ সদস্য (সংরক্ষিত আসন-৩০৬) এবং পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন, এমপি।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারি কমিশনার ভূমি ডা. গাজী আশিক বাহার। শুরুতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাঃ লোকমান হোসেন।
‎
‎অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ফারুক আহমেদ, পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ডাবলু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দল বিএনপির সদস্য সচিব এস এস আল হুসাইন সোহাগসহ অন্যান্য অতিথিবৃন্দ।
‎
‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোছাঃ ফরিদা ইয়াসমিন বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগী হতে হবে। নিয়মিত ক্রীড়াচর্চা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করে।
‎
‎সভাপতির বক্তব্যে উপজেলা সহকারি কমিশনার ভূমি ডা. গাজী আশিক বাহার বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং শিক্ষার্থীদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে খেলাধুলার বিকল্প নেই। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বিদ্যালয়ের সার্বিক অগ্রগতি ও সাফল্য কামনা করেন।
‎
‎অনুষ্ঠানের শেষ পর্যায়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ। পরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
‎
‎এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
‎