কাজী মোস্তফা রুমি: টাঙ্গাইলের নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে।

আজ বুধবার (০৪ নভেম্বর) দুপুরে নাগরপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী আনুষ্ঠানিকভাবে এই নির্বাচনের সময়সূচি ও তফসিল প্রকাশ করেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৩ নভেম্বর (সোমবার) নাগরপুর বাজার বণিক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। ওই দিন সকাল ৮:০০ টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪:০০ টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনী সময়সূচি থেকে জানা গেছে, আগামী ০৫ ও ০৬ নভেম্বর ভোটার তালিকা সংক্রান্ত প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করা হবে। এরপর ০৮ নভেম্বর (রবিবার) সকাল ১০:০০ টা থেকে বিকেল ৪:০০ টা পর্যন্ত মনোনয়নপত্র বিতরণ করা হবে এবং ০৯ নভেম্বর (সোমবার) রাখা হয়েছে মনোনয়নপত্র জমা নেওয়ার সময়সূচি।

পরদিন ১০ নভেম্বর (মঙ্গলবার) সকাল ১০:০০ টা থেকে ১২:০০ টা পর্যন্ত প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। একই দিন দুপুর ১:০০ টা থেকে বিকেল ৪:০০ টার মধ্যে প্রাপ্ত আপত্তি নিষ্পত্তি শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ, প্রার্থিতা প্রত্যাহার ও প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।

এদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিশেষ আচরণবিধি জারি করা হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, নির্বাচনকে কেন্দ্র করে কোনো ধরনের দেয়াল লিখন, পোস্টার, ব্যানার ব্যবহার কিংবা সভা-সমাবেশ ও মিছিল করা সম্পূর্ণ নিষিদ্ধ।

এক সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে প্রধান নির্বাচন কমিশনার ও ইউপি চেয়ারম্যান মো. কুদরত আলী একটি সুন্দর, নিরপেক্ষ ও সর্বজনগ্রাহ্য নির্বাচন উপহার দিতে সংশ্লিষ্ট সকল ব্যবসায়ী, প্রার্থী ও ভোটারদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

এ সময় নাগরপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।