বাঘায় বাগান পাহারা না দেওয়ার বিরোধে ৪০টি পেয়ারা গাছ কাটার অভিযোগ, ক্ষতি ৩ লাখ টাকা

বাঘা (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় পেয়ারা বাগান পাহারা না দেওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রায় ৪০টি পেয়ারা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আনুমানিক ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষক আব্দুল আওয়াল। এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল আওয়াল ও তার ভাই মানিক আহমেদ যৌথভাবে একটি জমিতে প্রায় ১৩ মাস ধরে চাষাবাদ করে আসছেন। ওই জমিতে তারা পেয়ারা বাগান গড়ে তোলেন। গাছগুলোতে ফল ধরায় তা বিক্রির উপযোগী হয়ে উঠেছিল।
অভিযোগে বলা হয়, জমিতে পেয়ারা ও অন্যান্য ফসল আবাদ করতে গেলে অভিযুক্তরা মাঠের শ্রমিকদের কাজে বাধা দেন এবং চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফসল কাটতে দেবেন না এবং পেয়ারা গাছ কেটে ফেলবেন বলে হুমকি দেওয়া হয়। এ নিয়ে প্রতিবাদ করলে বিভিন্নভাবে ভয়ভীতি ও হুমকি প্রদর্শন করা হয় বলে অভিযোগ করেন আব্দুল আওয়াল।

ভুক্তভোগীর অভিযোগ, গত ৮ নভেম্বর রাতে চাঁদা না দেওয়ার জেরে তার পেয়ারা বাগানের প্রায় ৪০টি গাছ কেটে ফেলা হয়। পরদিন ৯ নভেম্বর সকালে ফসল তোলার লোকজন নিয়ে বাগানে গিয়ে তিনি গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান। এতে আনুমানিক ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ঘটনায় কয়েকজন স্থানীয় ব্যক্তিকে সাক্ষী উল্লেখ করে লিখিত অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন আব্দুল আওয়াল।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, পেয়ারা বাগানের গাছ কাটার বিষয়ে অভিযোগ পেয়েছেন। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।