Daily NewsBangla
ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে ফরহাদ ফার্মেসির মালিক ফরহাদ হোসেন (৩২) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে ভেড়ামারা পৌরসভার রেলওয়ে মসজিদ গলির মার্কেটে অবস্থিত ফরহাদ ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে সহযোগিতা করেন ভেড়ামারা থানার এসআই রাশিদুল আলম এবং জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক রহমতউল্লাহ।
অভিযোগকারী ফরহাদ আলী জানান, গত কয়েক দিন আগে ওষুধ নিয়ে বাড়িতে যাওয়ার পর তিনি ওষুধের মেয়াদ উত্তীর্ণ দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। দোকানদার সুকৌশলে এসব ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন। এ অপরাধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদ বন্ধে নিয়মিত তদারকি এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।