যশোর প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো জাতীয় ঐক্য হবে না বলে মন্তব্য করেছেন যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রসুল।

তিনি বলেছেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগ ও সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে জাতীয় ঐক্য হবে জনগণের ঐক্য, কোনো দল বা ব্যক্তির সঙ্গে নয়। জনগণের গণভোটের রায় মেনে নিয়ে আগামী জানুয়ারিতে সংসদে সংস্কার পরিষদের সুপারিশ অনুযায়ী সংবিধান সংস্কার করা হলেই ঐক্যের পথ তৈরি হবে।

বৃহস্পতিবার বিকেলে যশোর শহরের ঈদগাহ মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও ও লুটপাট এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগে এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।

অধ্যাপক গোলাম রসুল বলেন, সরকার এগিয়ে এলে ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধভাবে কাজ করতে প্রস্তুত। তবে সরকারের ব্যর্থতার দায় জামায়াতে ইসলামী নেবে না। দুর্নীতি, স্বজনপ্রীতি ও দলীয়করণের মাধ্যমে দেশকে আবারও অন্ধকারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। শত শত কোটি টাকা আত্মসাৎ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

৫ আগস্টের বিপ্লব ও গণভোটের প্রসঙ্গ তুলে তিনি বলেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংবিধান সংস্কার ও জুলাই সনদের পক্ষে মত দিয়েছেন। প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ মন্ত্রী-এমপিরাও ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচার চালিয়েছেন। অথচ সংসদে গিয়ে সংস্কার পরিষদের শপথ না নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে।

সমাবেশে জেলা জামায়াতের সেক্রেটারি গোলাম কুদ্দুস, সহকারী সেক্রেটারি মনিরুল ইসলাম, প্রচার সেক্রেটারি শাহাবুদ্দিন বিশ্বাস, শিক্ষা ও সাংস্কৃতিক সেক্রেটারি আবুল হাশিম রেজা, জেলা কর্মপরিষদ সদস্য জয়নাল আবেদীন ও নজরুল ইসলাম হান্নান, শহর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ইসমাইল হোসেন এবং সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল হক বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শামসুজ্জামান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আওয়ামী লীগ ও সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেন।