(নীলফামারী) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও অগ্নিসংযোগের প্রতিবাদে নীলফামারীর ডিমলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে যুবদল।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুটিবাড়ি-ডিমলা সড়কের স্মৃতি অম্লানের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা।
সমাবেশে নেতারা অভিযোগ করেন, দেশত্যাগী শেখ হাসিনা তাঁর অনুসারীদের মাধ্যমে দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টি ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র করছেন। তাঁরা বলেন, ফ্যাসিবাদমুক্ত নতুন বাংলাদেশে শেখ হাসিনা ও তাঁর দোসরদের কোনো ঠাঁই হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিহত করা হবে।
সমাবেশে বক্তব্য দেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান।
আবু বক্কর সিদ্দিক বলেন, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও তাঁর অনুসারীরা এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। নৈরাজ্য, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে। যুবদল রাজপথে থেকে এসব ষড়যন্ত্র প্রতিহত করবে। কোনো অপশক্তিকে দেশে আবারও ফ্যাসিবাদ কায়েম করতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে যুবদলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থাকবেন।
গোলাম রব্বানী প্রধান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড ও আগুন-সন্ত্রাসের রাজনীতি এ দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। নতুন বাংলাদেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের কোনো স্থান নেই। যারা গোপনে কিংবা প্রকাশ্যে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা করছে, জনগণকে সঙ্গে নিয়ে তাদের ষড়যন্ত্র প্রতিহত করা হবে। গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষায় যুবদলের প্রতিটি নেতাকর্মীকে রাজপথে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সাবেক সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরিফুল ইসলাম লিটন, সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম (ডিআর), নাউতারা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল জব্বার এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব তারিকুল ইসলাম খান সোহাগসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।