কুষ্টিয়ার ভেড়ামারায় মুখ পুড়িয়ে যুবককে হত্যা, ধানক্ষেতে লাশ
হেলাল মজুমদারঃ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় ধানক্ষেত থেকে পরিচয় গোপনের উদ্দেশ্যে মুখ পুড়িয়ে ফেলা অবস্থায় সোহেল রানা (৪০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি জুনিয়াদহ ইউনিয়নের হরিপুর গ্রামের আবুল কালাম ওরফে কলম দোকানদারের ছেলে।
বুধবার (২৬ নভেম্বর) সকালে ধরমপুর ইউনিয়নের রামচন্দ্রপুর বিলপাড়ার একটি ধানের জমি থেকে মরদেহটি দেখতে পান স্থানীয় কৃষকরা। খবর পেয়ে পুলিশ সেখানে পৌঁছে লাশ উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শী কৃষকেরা জানান, প্রতিদিনের মতো সকালে তারা মাঠে ধান কাটতে গেলে কৃষক মনিরের জমিতে একটি পোড়ামুখ, গলাকাটা ও অর্ধনগ্ন অবস্থায় মধ্যবয়সী ব্যক্তির লাশ পড়ে আছে দেখতে পান। তাদের ধারণা, আগের দিন মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতের কোনো এক সময়ে অন্যত্র হত্যার পর লাশটি এখানে এনে ফেলে রাখা হয়েছে। হত্যাকারীরা নিহত ব্যক্তির পোশাক ব্যবহার করেই তাঁর মুখ আগুনে পুড়িয়ে বিকৃত করে থাকতে পারে বলেও তাদের সন্দেহ।
স্থানীয় কৃষক রাজা আলী জানান, সকালে জমিতে সার দিতে এসে পাশের জমিতে মানুষের মতো কিছু পড়ে থাকতে দেখে এগিয়ে যান। কাছে যেতেই বুঝতে পারেন এটি একজন মানুষের লাশ। এরপর তিনি পুলিশকে খবর দেন।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, হত্যার পর পরিচয় আড়াল করতে মুখ পুড়িয়ে বিকৃত করা হয়েছে। কেন হত্যা করা হয়েছে এবং কারা জড়িত—তা বের করতে তদন্ত চলছে।” মরদেহটি ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।