কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী
মিজানুর রহমান:
স্কাউট কার্যক্রমকে আরও গতিশীল করা এবং শিক্ষার্থীদের মধ্যে নতুন নেতৃত্বের বিকাশ ঘটানোর লক্ষ্যে কুষ্টিয়া সদর উপজেলার ‘কুষ্টিয়া মুক্ত স্কাউট দলের’ দুই দিনব্যাপী ডে ক্যাম্পের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ আগস্ট) বিকেল ৫টায় কুষ্টিয়া চৌড়হাস মুকুল সংঘ মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে এ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া সদর উপজেলার সভাপতি মো. হারুন অর রশিদ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, কুষ্টিয়া জেলার জেলা কমিশনার মো. জাকারিয়া, জেলা সম্পাদক আশরাফুল হক এবং জেলা স্কাউট লিডার আব্দুর রহিম।
দুই দিনব্যাপী এ ডে ক্যাম্পে স্কাউটদের শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি, দলগত কাজ, দায়িত্ববোধ, মানবিক মূল্যবোধ ও আত্মনির্ভরশীলতা বৃদ্ধির ওপর বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।

আয়োজকরা জানান, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সুশৃঙ্খল, দায়িত্বশীল ও নেতৃত্বদানে সক্ষম নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের ডে ক্যাম্পের মাধ্যমে স্কাউটদের মধ্যে নেতৃত্বের দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আগ্রহ আরও বাড়বে।
সমাপনী অনুষ্ঠানে ক্যাম্পে অংশ নেওয়া স্কাউটদের উৎসাহিত করা হয় এবং ভবিষ্যতে স্কাউট কার্যক্রমকে আরও সম্প্রসারিত ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। অনুষ্ঠানে স্কাউট দলের সদস্য, শিক্ষক ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।