ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫ , আজকের সময় : শনিবার, ২০ জুন, ২০২৬

কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন নুসরাত তাবাসসুম

কুষ্টিয়া-১ আসনে এনসিপির মনোনয়ন পেলেন নুসরাত তাবাসসুম

রাজনীতিতে নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে আলোচনায়

 

নিজস্ব প্রতিবেদক: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন গ্রহণ করেছেন তরুণ রাজনীতিক নুসরাত তাবাসসুম।

বৃহঃপতিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি মনোনয়ন গ্রহণের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান। পোস্টটি প্রকাশের পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনসহ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

ফেসবুক পোস্টে নুসরাত তাবাসসুম জানান, প্রায় ৭-৮ বছর ধরে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত। তবে জাতীয় রাজনীতির অভিজ্ঞতা তার মাত্র এক বছরের। ব্যক্তিগত নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও দীর্ঘদিনের চিন্তা-ভাবনা ও রাজনৈতিক সহযোদ্ধাদের পরামর্শে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লিখেছেন, “গত ৭/৮ বছর সরাসরি রাজনীতির সঙ্গে যুক্ত আমি, এরমধ্যে মাত্র এক বছর জাতীয় রাজনীতিতে। আমার অসংখ্য সীমাবদ্ধতা। তা সত্বেও অনেক চিন্তা ভাবনার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আমি জানি আমি দেশকে, আমার জনপদকে কী দিতে পারব। শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া আর সমর্থন চাই।

” তার রাজনৈতিক পথচলার কঠিন সময়গুলোর উল্লেখ করে তিনি লেখেন, “আমরা যারা এখানে এসেছিলাম একটা স্বপ্ন নিয়ে, আমরা যারা দিনের পর দিন রাস্তাকে ঘরবাড়ি বানিয়ে নিয়মিত মরে মরে টিকে গেছি, আমরা যারা স্বৈরাচারের বিরুদ্ধে হাতে হাত, কাঁধে কাঁধ মিলিয়েছি— সেই সকল সহযোগী, সহমর্মী, সহযোদ্ধাদের কাছে দিকনির্দেশনা চাই।”

নুসরাত তাবাসসুমের মনোনয়নকে ঘিরে স্থানীয় তরুণ, নারী এবং নতুন ভোটারদের মধ্যে আগ্রহ দেখা গেছে বলে জানা গেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নতুন প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার মাঠে নামা কুষ্টিয়া-১ আসনের নির্বাচনী প্রতিযোগিতাকে আরও সরব করবে।

এনসিপির স্থানীয় নেতারা জানান, তরুণ নেতৃত্বকে সামনে রেখে দলটি আগামী নির্বাচনে ভিন্ন মাত্রায় জনসম্পৃক্ততা তৈরি করতে চায়। তারা বিশ্বাস করেন, নুসরাত তাবাসসুমের অভিজ্ঞতা, কর্মস্পৃহা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সক্রিয়তা তরুণ ভোটারদের আকর্ষণ করবে।

পোস্টের শেষে তিনি সকলের দোয়া, দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।