ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

গাজীপুরে আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্যের প্রতিবাদে মুক্তিযুদ্ধের প্রজন্মের বিক্ষোভ মিছিল

মোঃ মনিরুজ্জামান গাজীপুর প্রতিনিধি: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য, অগ্নিসংযোগ ও অবরোধের প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল। রোববার (২৯ নভেম্বর) বিকেলে সংগঠনটির গাজীপুর মহানগর কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নেতৃত্ব দেন বাংলাদেশ মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি ও প্রবীণ ছাত্রদল নেতা রায়হান আল মাহমুদ রানা। এতে সভাপতিত্ব করেন গাজীপুর মহানগর মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি মোহাম্মদ আলী হোসেন মোল্লা।

প্রধান অতিথির বক্তব্যে রায়হান আল মাহমুদ রানা বলেন, গত ১৭ বছর ধরে বিএনপি গণতন্ত্র পুনরুদ্ধার, মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আন্দোলন-সংগ্রাম করেছে। এ সময়ে দলের অসংখ্য নেতাকর্মী হামলা, মামলা, নির্যাতন ও কারাবরণের শিকার হয়েছেন। ছাত্র-জনতার গণ-আন্দোলনের সঙ্গেও বিএনপি একাত্ম হয়ে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের পলাতক নেতারা বিদেশে বসে অর্থের বিনিময়ে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র করছেন। গাজীপুরে কোনো ধরনের নাশকতা, অগ্নিসংযোগ কিংবা জননিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। সাধারণ মানুষের শান্তি ও নিরাপত্তা রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের সতর্ক করে রায়হান আল মাহমুদ বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত রাজনৈতিক পরিস্থিতিকে কেউ যেন ব্যক্তিস্বার্থে ব্যবহার করতে না পারে। বিএনপির নাম ভাঙিয়ে কেউ দখলবাজি, দুর্নীতি কিংবা অন্যায় কর্মকাণ্ডে জড়ালে তার দায় দল নেবে না। সুবিধাবাদী ও স্বার্থান্বেষী ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। জনগণের পাশে থেকে দায়িত্বশীল রাজনীতি করারও আহ্বান জানান তিনি।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির নাম ব্যবহার করে কেউ যেন নিরপরাধ মানুষকে হয়রানি করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। কোনো পক্ষের দেওয়া তালিকার ওপর নির্ভর না করে সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি নিরপরাধ বিএনপি নেতাকর্মীদের আওয়ামী লীগের পরিচয়ে হয়রানি, মিথ্যা মামলা ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড বন্ধের আহ্বান জানান তিনি। প্রশাসনকে নিরপেক্ষতা বজায় রেখে দায়িত্ব পালনেরও দাবি জানান।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সন্ত্রাস, অগ্নিসংযোগ, নাশকতা ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান। জননিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।