সৈয়দদী ( নুর আহসান, গৌরনবরিশাল): সাংবাদিকতা পেশাকে ঘিরে সাম্প্রতিক সময়ে নানা বিতর্ক ও সমালোচনার প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেন, “সাংবাদিকতার মতো একটি মহান পেশা একটি ক্ষুদ্র ভুলের কারণে আজ বিতর্কিত হয়ে উঠেছে।”
গত ২২ মার্চ (রবিবার) বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে দেওয়া বক্তব্যে মন্ত্রী আরও বলেন, সাংবাদিক সমাজের ভেতরে বিদ্যমান সমস্যাগুলোর সমাধানে অভিজ্ঞ নেতৃত্বের পরামর্শ গ্রহণ করা জরুরি। তিনি আশা প্রকাশ করেন, “সাংবাদিক নেতৃবৃন্দের পরামর্শ নিয়ে আমরা এই সংকটের সমাধান খুঁজে বের করতে পারবো।”
সংশ্লিষ্ট বিশ্লেষকদের মতে, মন্ত্রীর এই বক্তব্য বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকতা পেশার নৈতিকতা, দায়বদ্ধতা ও পেশাগত মানদণ্ড নিয়ে চলমান আলোচনাকে আরও বেগবান করবে। সাম্প্রতিক কিছু ঘটনার কারণে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতা নিয়ে যে প্রশ্ন উঠেছে, এই বক্তব্য তারই প্রতিফলন।
এদিকে সাংবাদিক মহলের একাংশ বলছেন, পেশার মর্যাদা রক্ষায় দায়িত্বশীল আচরণ, তথ্য যাচাই এবং পেশাগত নীতিমালা মেনে চলার কোনো বিকল্প নেই। অন্যদিকে, অনেকে মনে করেন, বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য পুরো সাংবাদিক সমাজকে প্রশ্নবিদ্ধ করা ঠিক নয়।
সংশ্লিষ্টদের মতে, সাংবাদিকতার মান ও বিশ্বাসযোগ্যতা ধরে রাখতে হলে সকল পক্ষের সমন্বিত উদ্যোগ এবং সঠিক নেতৃত্বের দিকনির্দেশনা এখন সময়ের দাবি।