ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ১৫ মে, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

ঘোড়াঘাটে করতোয়া নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঘোড়াঘাটে করতোয়া নদীর পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় করতোয়া নদীর পানিতে ডুবে সাখোয়াত হোসেন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ মে) সকালে উপজেলার ১নং বুলাকীপুর ইউনিয়নের শালিকাদহ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাখোয়াত হোসেন শালিকাদহ এলাকার মৃত মমদেলের হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, বৃদ্ধ সাখাওয়াত হোসেন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে নদী পার হয়ে ওপার থেকে এপারে পালিত হাঁস আনতে যান। একপর্যায়ে সাঁতরে নদীর কিনারায় ওঠার সময় তিনি পানিতে তলিয়ে যেতে থাকেন। এ সময় নদীর তীরে থাকা তার স্ত্রী প্রথমে বাঁশ এবং পরে নিজের গায়ের কাপড় ছুঁড়ে দিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে এরই মধ্যে তিনি গভীর পানিতে ডুবে যান।
পরে স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় এবং ঘোড়াঘাট ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ঘোড়াঘাট ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সচেতন মহল মনে করছেন, করতোয়া নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে ভাবে বালু উত্তোলনের ফলে বিভিন্ন জায়গায় অজানা গর্তের সৃষ্টি হয়েছে। নদীর কোথায় কোথায় গর্ত আছে তা অনেকের অজানা। ঠিক এ কারণেই আজকের এ বৃদ্ধের মৃত্যু সহ আশেপাশে বিভিন্ন জায়গায় অনেক মৃত্যুর ঘটনা ঘটেছে। কিছুদিন পূর্বেও পাশের এলাকার কুলানন্দপুর গ্রামে করতোয়া নদীর হাঁটু পানিতে নেমে গোসল করার সময় এক ইন্দোনেশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে বলেও জানান স্থানীয়রা।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আতাউর রহমান জানান, খবর পাওয়ার পরপরই আমাদের উদ্ধারকারী একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।