ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল! পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও

চারঘাটের সেই আনন্দ কুমারের গোদাগাড়ীতেও দুর্নীতির জাল! পৃথক অভিযোগ এসিল্যান্ডের বিরুদ্ধেও

রাজশাহ প্রতিনিধিঃ
রাজশাহীর চারঘাট উপজেলার সাবেক তহশিলদার আনন্দ কুমারের বিরুদ্ধে নানা অনিয়ম ও দুর্নীতির রেশ কাটতে না কাটতেই এবার তাঁর নতুন কর্মস্থল গোদাগাড়ী উপজেলায় গড়ে উঠেছে দুর্নীতির পাহাড়।

বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত অবস্থায় তিনি এবং গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার অফিস সহায়কদের প্রধান হাতিয়ার বানিয়ে ঘুষ বাণিজ্য ও সিন্ডিকেট রাজত্ব চালাচ্ছেন বলে জোরালো অভিযোগ উঠেছে। এর মধ্যেই আবার গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসে জমির হোল্ডিং চালুর নামে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) ও হেড অ্যাসিস্ট্যান্টের বিরুদ্ধে বিভাগীয় কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়েরের ঘটনায় পুরো উপজেলায় ভূমি অফিসকেন্দ্রিক অনিয়মের চিত্র নতুন করে আলোচনায় এসেছে।
​
​স্থানীয় সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগ থেকে জানা যায়, আনন্দ কুমার দাস বাসুদেবপুর ইউনিয়ন ভূমি অফিসে এবং ইসরায়েল গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসে যোগদানের পর থেকেই অফিসগুলো সাধারণ মানুষের হয়রানির অন্যতম কেন্দ্রে পরিণত হয়েছে। নামজারি (মিউটেশন), খাজনা আদায়, পর্চা উত্তোলন ও জমির রেকর্ড সংশোধনের মতো জরুরি সেবা পেতেও সেবাগ্রহীতাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। প্রতিটি কাজের সঙ্গেই জড়িয়ে রয়েছে মোটা অঙ্কের উৎকোচের শর্ত।
​

অনুসন্ধানে জানা গেছে, তহশিলদার আনন্দ কুমার সরাসরি কোনো আর্থিক লেনদেন করেন না। তাঁর দুর্নীতির পুরো নেটওয়ার্কটি পরিচালিত হয় অফিস সহায়কদের মাধ্যমে। কাউন্টারে সেবা নিতে আসা লোকজনকে নানা জটিলতার কথা বলে পিওনদের কাছে পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তাদের মাধ্যমেই নির্ধারিত অঙ্কের ঘুষ পরিশোধের পর ফাইল টেবিল থেকে ছাড় পায়।
​

এর আগে চারঘাট উপজেলায় কর্মরত থাকাকালীন আনন্দ কুমারের বিরুদ্ধে জাল দলিল সৃষ্টি, জটিলতাযুক্ত জমির হোল্ডিং তৈরি এবং ভিপি (অর্পিত সম্পত্তি) সম্পত্তির নথিপটারে কারসাজির গুরুতর অভিযোগ ছিল। গোদাগাড়ীতে এসেও তিনি একই পুরনো পদ্ধতি ও সিন্ডিকেট অব্যাহত রেখেছেন। এখানে খাস জমি ব্যক্তি মালিকানায় দেওয়া এবং বাবুডাংগা নামক স্থানে একটি রিসোর্টে জমি বরাদ্দের সুবিধা দেওয়ারও গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
​
​এদিকে গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধেও বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবাগ্রহীতা জানান, এসিল্যান্ড অফিসে নামজারি করতে গেলে অতিরিক্ত ১৭০০ টাকা না দেওয়া পর্যন্ত আবেদন আটকে থাকে। অথচ এই কাজগুলো মহুরি বা দালালদের মাধ্যমে ৭ হাজার টাকায় করালে দ্রুত হয়ে যায়। তারা নির্ধারিত ফি দিয়েই আবেদন পাস করিয়ে নেয়। যেখানে ৩০ দিনের মধ্যে নামজারি শেষ করার কথা, সেখানে টাকা না দেওয়ায় মাসের পর মাস ফাইল আটকে রাখা হয়। এসিল্যান্ডের আইডি চেক করলেই ঝুলিয়ে রাখা এসব আবেদনের সত্যতা মিলবে।
​অন্যদিকে, গোদাগাড়ী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার ইসরায়েলের বিরুদ্ধেও হয়রানির অভিযোগ রয়েছে। স্থানীয় বাসিন্দা আল মামুন জানান, একটি নামজারি প্রস্তাবের জন্য হাটপাড়া ভূমি অফিসে গেলে তহশিলদার ইসরায়েল ৪০০ টাকা দাবি করেন। প্রথমে টাকা দিতে অস্বীকৃতি জানালে দীর্ঘদিন ফাইল আটকে রাখা হয়। শেষ পর্যন্ত উপায় না পেয়ে বাধ্য হয়েই তাকে ওই টাকা দিতে হয়েছে। এ বিষয়ে বক্তব্যের জন্য তহশিলদার ইসরায়েলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে ফোনে পাওয়া যায়নি।
​
​বাসুদেবপুর ইউনিয়নের আরেকটি ঘটনায় গোদাগাড়ী উপজেলা ভূমি অফিসের বিরুদ্ধে সরাসরি ঘুষ দাবির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দা আরিফুল ইসলাম গত ২৫ অক্টোবর রাজশাহী বিভাগীয় কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দাখিল করেন। অভিযোগে সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী ও হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমানের বিরুদ্ধে জমির হোল্ডিংয়ের কার্যক্রম পুনরায় চালুর বিনিময়ে ৫ লাখ টাকা ঘুষ দাবির কথা উল্লেখ করা হয়েছে।
​অভিযোগ সূত্রে জানা যায়, আরিফুল ইসলামের বাবা আবুল কাশেম ১৯৭৭ সালে আদালতে মামলা করে জমির ডিক্রি পান এবং পরবর্তীতে গোদাগাড়ী ভূমি অফিসের মাধ্যমে ওই জমির খতিয়ান অনুমোদিত হয়। উপজেলার বাসুদেবপুর ইউনিয়নের নলিগ্রাম মৌজায় ১১টি দাগে মোট ৪ দশমিক ৭৫ একর জমির ওই হোল্ডিংয়ের (নম্বর ২৪০) ২০২৬-২৭ অর্থবছর পর্যন্ত খাজনাও পরিশোধ করা হয়েছিল। কিন্তু বর্তমান সহকারী কমিশনার (ভূমি) যোগদানের পর গত ১ অক্টোবর যথাযথ নোটিশ বা শুনানির সুযোগ না দিয়ে একটি বিবিধ মামলার অজুহাতে হোল্ডিংটির কার্যক্রম স্থগিত করা হয় এবং অনলাইনে খাজনা পরিশোধের সুযোগ বন্ধ করে দেওয়া হয়।
​আরিফুল ইসলামের আরও অভিযোগ, এরপর ভূমি অফিসের হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমান তাঁকে অফিসে ডেকে হোল্ডিং পুনর্বহালের বিনিময়ে ৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। দাবিকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে হোল্ডিংয়ের কার্যক্রম চিরতরে বন্ধ রাখার হুমকি দেওয়া হয়। এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান, রাজশাহী জেলা প্রশাসক ও গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছেও অনুলিপি পাঠানো হয়েছে।
​
​উঠে আসা এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে তহশিলদার আনন্দ কুমার দাস বলেন, “সব অভিযোগ মিথ্যা। আমরা এ বিষয়ে বক্তব্য দিতে পারব না, আপনারা এসিল্যান্ড স্যারের সঙ্গে কথা বলুন।”
​অন্যদিকে, হেড অ্যাসিস্ট্যান্ট শাহিনুর রহমান টাকা দাবির অভিযোগ অস্বীকার করে জানান, তিনি মাত্র দুই মাস আগে গোদাগাড়ীতে যোগ দিয়েছেন এবং অভিযোগকারী আরিফুল ইসলামকে তিনি চেনেই না।
​সহকারী কমিশনার (ভূমি) মীর মেজবাহীজ্জুলাম চৌধুরী দাবি করেন, “অভিযোগ করা জমিটি সরকারি খাসজমি এবং সর্বশেষ আরএস রেকর্ডেও সরকারের নামে রয়েছে। জমি নিয়ে আদালতে আইনি বিরোধ চলমান থাকায় অবৈধ হস্তান্তর ঠেকাতে কেবল হোল্ডিংয়ের কার্যক্রম স্থগিত করা হয়েছে, যা বাতিল বা খারিজ করা হয়নি। আমার বিরুদ্ধে ৫ লাখ টাকা ঘুষ দাবির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।”
​একাধিক অনিয়ম ও দুর্নীতির এসব ঘটনায় সাধারণ মানুষ ও স্থানীয় সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। ভূমি অফিসের মতো জনগুরুত্বপূর্ণ সেবাখাতে চলমান এসব সিন্ডিকেট ও ঘুষ বাণিজ্যের বিরুদ্ধে অবিলম্বে নিরপেক্ষ বিচারিক তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।