ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩ , আজকের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

জিন’ তাড়ানোর নামে নারীকে নির্যাতন কবিরাজ আটক

জিন’ তাড়ানোর নামে নারীকে নির্যাতন কবিরাজ আটক
মোহাম্মদ আককাস আলী  : নওগাঁর রাণীনগরে ‘জিন’ তাড়ানোর নামে এক নারীকে মারধর করে নির্যাতনের অভিযোগে কথিত কবিরাজ লিয়াকত শাহকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেপ্তার লিয়াকত উপজেলার পশ্চিম বালুভরা গ্রামের লদিয়া শাহার ছেলে। রাণীনগর থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার বরাত দিয়ে ওসি বলেন, গত ১৫ আগস্ট উপজেলার প্রত্যন্ত অঞ্চলের এক নারী (৪৫) রাতে হঠাৎ অস্বাভাবিক কথা বলতে থাকেন। এ অবস্থায় ওই নারীকে ঝাড়-ফুঁক দিয়ে চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা কবিরাজ লিয়াকতকে ডেকে আনেন। ওই নারীকে জিনে ধরেছে; জিন তাড়াতে হবে বলে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করেন ওই কবিরাজ।
ওসি আরও বলেন, এলোপাতাড়ি মারধরে ওই নারী গুরুতর অসুস্থ হয়ে পরলে তাকে রাতেই রাণীনগর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসকেরা। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে কবিরাজসহ আরও একজনকে আসামি করে মঙ্গলবার রাতে থানায় মামলা করেছেন।