ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬

ঝিনাইদহ নলডাঙ্গার ইউপি প্রশাসনিক কর্মকর্তার বিরুদ্ধে অফিসে দেরিতে আসার অভিযোগ

আব্দুস সালাম (জয়), ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ সদর উপজেলার ১৭নং নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলামের বিরুদ্ধে নির্ধারিত দাপ্তরিক সময় না মেনে প্রতিদিন কর্মস্থলে দেরিতে উপস্থিত হওয়ার অভিযোগ উঠেছে। স্থানীয় সেবাগ্রহীতাদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী সকাল ৯টায় দাপ্তরিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও তিনি প্রায় প্রতিদিন বেলা ১১টার দিকে অফিসে আসেন। এতে চরম ভোগান্তি ও নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন ইউনিয়নবাসী।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, নাগরিক সনদ, জন্ম-মৃত্যু নিবন্ধন, পরিচয়পত্র সংশোধনসহ বিভিন্ন প্রয়োজনীয় দাপ্তরিক কাজের জন্য সকাল সকাল ইউনিয়ন পরিষদে এসে তাদেরকে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। নির্ধারিত সময়ে কর্মকর্তা উপস্থিত না থাকায় অনেকেই দূর-দূরান্ত থেকে এসে কাজ না শেষ করেই ফিরে যেতে বাধ্য হচ্ছেন।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা গেছে, সরকারি প্রশাসনিক কর্মকর্তা হলেন দাপ্তরিক কাজের মূল চালিকাশক্তি। তাঁর অনুপস্থিতিতে দৈনন্দিন কাজ স্থবির হয়ে পড়ে, যার প্রভাব পড়ে সাধারণ মানুষের ওপর।
এই বিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী জানান, প্রতিদিন দাপ্তরিক কাজের জন্য এসে আমাদের ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। কর্মকর্তা প্রায় ১১টার পর অফিসে প্রবেশ করেন। সরকারি সেবা পেতে গিয়ে এভাবে সময় ও অর্থ অপচয় হওয়া মেনে নেওয়া যায় না।
কর্মকর্তার এমন অনিয়ম ও চরম অবহেলার বিষয়ে স্থানীয় জনগণ দ্রুত ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং জেলা প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন, যাতে নিয়মভিত্তিক সেবা নিশ্চিত হয় এবং দায়ী কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হয়।
নলডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা নজরুল ইসলাম তিনি বলেন আমি ঝিনাইদহ থেকে যাতায়াত করার কারণে আমার আসতে দেরি হয়ে যায়।