ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

দৌলতপুরে রবি মৌসুমে ৫ হাজার ২৭০ কৃষক পাচ্ছেন বিনামূল্যে বীজ ও সার

হেলাল উদ্দিন,দৌলতপুর (কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে ফসলের আবাদ সম্প্রসারণ ও উৎপাদন বাড়ানোর লক্ষ্যে ৫ হাজার ২৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন করা হয়। সরিষা, মসুর,খেসারি,চিনা বাদাম ও অড়হর—এই পাঁচটি রবি ফসলের চাষাবাদে কৃষকদের আগ্রহী করে তুলতেই এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে,উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দৌলতপুরের নবাগত উপজেলা নির্বাহী অফিসার নাভিদ সারওয়ার।বিশেষ অতিথি ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ,উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব বিল্লাল হোসেন,সাবেক সহ-সভাপতি শামীম রেজা মোল্লা,উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুদুজ্জামান রুবেল, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ।এছাড়াও অতিরিক্ত কৃষি অফিসার মো.আলী আহমেদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শারমিন আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, প্রণোদনা কর্মসূচির আওতায় ফসলভেদে কৃষকদের মাঝে নির্ধারিত পরিমাণে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হচ্ছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক কৃষক পাচ্ছেন সরিষা চাষের প্রণোদনা। সরিষা আবাদে ৪ হাজার ৩৭০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

অন্যদিকে ডালজাতীয় ফসল মসুর চাষের জন্য ৪৭০ জন কৃষককে জনপ্রতি ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। পাশাপাশি খেসারি চাষের জন্য ৫০ জন কৃষককে জনপ্রতি ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।

এ ছাড়া চিনাবাদাম চাষের জন্য ৩১০ জন কৃষকের প্রত্যেককে ১ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার দেওয়া  হয়েছে।অড়হর

চাষের জন্য ৭০ জন কৃষকের প্রত্যেককে ২ কেজি বীজ,৫ কেজি এমওপি ও ৫ কেজি ডিএপি দেওয়া হয়েছে।