ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ৬ নভেম্বর, ২০২২ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

নগরকান্দায় বাস চাপায় প্রাণ গেল কৃষকের

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কাইলার মোড় নামক স্থানে ঢাকা-খুলনা বিশ্বরোডে বাস চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, কাইচাইল ইউনিয়নের বড়নাউডুবি গ্রামের মৃত আলতাফ মাতুব্বরের ছেলে নিছু মাতুব্বর (৪৫) কাইলার মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময়, ঢাকা থেকে ছেড়ে আসা গোপালগঞ্জ গামী একটি বাস তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিছু মাতুব্বরের মৃত্যু হয়।
কাইচাইল ইউনিয়ন পরিষদের সদস্য আল-আমিন খান বলেন, নিছু মাতুব্বর কৃষি কাজ করে সংসার চালান। তার সংসারে এক ছেলে এবং এক কন্যা সন্তান রয়েছে।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,  অজ্ঞাত একটি বাস নিছু মাতুব্বরকে চাপা দিয়ে পালিয়ে যায়। বাসটি সনাক্ত করে আটকের চেষ্টা চলছে।