কাজী মোস্তফা রুমি, স্টাফ রিপোর্টার:‘নিরাপদ মাছ উৎপাদনে গড়ি দেশ, বদলে যাবে বাংলাদেশ’- এই লক্ষ্যকে সামনে রেখে টাঙ্গাইলের নাগরপুরে বর্ণাঢ্য র্যালি, উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে।
আজ ১৬ আগস্ট ২০২৬ রোজ রবিবার সকাল ১০টায় নাগরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির শুরুতেই উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনারায় মিলনায়তনে এসে শেষ হয়।
পরবর্তীতে আয়োজিত আলোচনা সভায় নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার লিখন বণিকের সভাপতিত্বে ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাসুম বিল্লাহর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য মোঃ রবিউল আওয়াল।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার এস এম রাশেদুল হাসান, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, পাকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান প্রমুখ।
সভা শেষে নাগরপুর উপজেলায় মৎস্য খাতে বিশেষ অবদান রাখা সফল মৎস্যচাষি ও উদ্যোক্তাদের মাঝে সম্মাননা ও পুরস্কার বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, মৎস্যচাষি, মৎস্যজীবী এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।