হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুরে নারীদের নিয়ে আয়োজিত উঠান বৈঠকে ব্যাপক সাড়া ফেলে দিয়েছেন বিএনপি নেতা ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইকবাল হোসেন। স্থানীয় ভোটারদের মন জয় করতে তিনি তুলে ধরেছেন নানা উন্নয়নমূলক প্রতিশ্রতি।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ১৩নং খলিসাকুন্ডি ইউনিয়নের কাটাগাং পাড়ায় বসেছিল এক ব্যতিক্রমী গণজমায়েত। শত শত নারীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে এই উঠান বৈঠক।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও খলিসাকুন্ডি ইউনিয়ন বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হোসেন এই বৈঠকের মূল আকর্ষণ ছিলেন। এ সময় তিনি আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেন।বৈঠকে অংশ নেওয়া নারীদের উদ্দেশে ইকবাল হোসেন প্রতিশ্রুতি দেন- চেয়ারম্যান নির্বাচিত হলে এলাকার মানুষের জীবনমানের উন্নয়ন এবং অবহেলিত জনপদের সার্বিক কল্যাণে তিনি নিবেদিতপ্রাণ হয়ে কাজ করবেন।
এলাকার নারীদের স্বাবলম্বী করা ও নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করায় সাধারণ ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা গেছে।এসময় ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।