বাগমারা (রাজশাহী) প্রতিনিধি: ‘দীর্ঘ জীবনের জন্য নতুন ভাবনা’ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাগমার উপজেলায় যথাযোগ্য মর্যাদায় ৩৬তম আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২৬ পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমাজসেবার আয়োজনে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা করা হয়। অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মতিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিজু তামান্না। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাইফুল ইসলাম ভুঞাসহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা কৃষি কর্মকর্তা, প্রাণিসম্পদ কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, পল্লী উন্নয়ন কর্মকর্তা, সমবায়, পরিসংখ্যান, আইসিটি, জনস্বাস্থ্য প্রকৌশলীসহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবীণরা সমাজ ও রাষ্ট্রের বটবৃক্ষ। তাদের অভিজ্ঞতা, ত্যাগ ও অবদানের মধ্য দিয়েই আজকের সমাজ। প্রবীণদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও তাদের অধিকার, মর্যাদা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব। বক্তারা আরও বলেন, বর্তমান সরকার প্রবীণদের কল্যাণে বয়স্ক ভাতা, নানা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়ন করছে। প্রবীণদের সুস্থ ও মর্যাদাপূর্ণ দীর্ঘ জীবন নিশ্চিত করতে পরিবার ও সমাজকে আরও আন্তরিক হতে হবে।
আগত সকল অতিথিদের ধন্যবাদ জানিয়ে প্রবীণদের কল্যাণে সকলের সহযোগিতা কামনা করেন অনুষ্ঠান সভাপতি মতিনুর রহমান।