বিল্লী বাজারে সার ডিলার নিয়োগে কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ
তানোর(রাজশাহী)প্রতিনিধিঃ
রাজশাহীর তানোরের কলমা ইউনিয়নের (ইউপি) বিল্লী বাজারে নতুন সার ডিলার নিয়োগ দেওয়ায় স্থানীয় কৃষকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। জানা গেছে, সার ডিলার নিয়োগ নীতিমালা অনুসরণ, যাচাই-বাছাই ও চুল চেরা বিশ্লেষণ করে সম্প্রতি তান্স এন্টারপ্রাইজকে নতুন বিসিআইসি সার ডিলার হিসেবে নিয়োগ করা হয়েছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী তানভির আহম্মেদ। তার বাবা প্রয়াত শীষ মোহাম্মদ ছিলেন জেলা বিএনপির সম্পাদক ও মুন্ডুমালা পৌর মেয়র।
তাঁর মাধ্যমে সরকার নির্ধারিত মূল্যে সার প্রাপ্তি সহজ হবে এবং দীর্ঘদিনের সার সংকট ও ভোগান্তি কমবে বলে আশা করছেন স্থানীয় কৃষকেরা।মেসার্স তান্স এন্টারপ্রাইজ দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও কৃষি পণ্যের ব্যবসার সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপির রাজনীতি করার কারণে তার বাবা ও পরিবারের সদস্যরা একাধিকবার মামলার আসামি হয়েছেন।
স্থানীয় কৃষক আপেল, সিরাজুল, মিজানুর ও সুলতান আলী জানান, আগে সরকার নির্ধারিত মূল্যে সার কিনতে তাদের নেজামপুর, মুন্ডুমালা হাট ও কলমাসহ দূরবর্তী বিভিন্ন বাজারে যেতে হতো। এমনকি দীর্ঘ সময় অপেক্ষা করেও অনেক সময় সার না পেয়ে খালি হাতে ফিরতে হতো। দূর থেকে সার পরিবহন করতে অতিরিক্ত ভাড়াও গুনতে হতো। এখন বিল্লী বাজারে সার পাওয়ার সুযোগ তৈরি হওয়ায় তাঁদের ভোগান্তি কমবে বলে আশা করছেন তারা। তারা অত্যন্ত ভালো মানুষ হওয়ায়, আমরা সরকারের নির্ধারিত মূল্যে সার কিনতে পারবো বলে আমাদের বিশ্বাস।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার বলেন, বিল্লী বাজারে মেসার্স তান্স এন্টারপ্রাইজকে সার ডিলার হিসেবে নিয়োগ দেওয়ার খবর শুনে স্থানীয় মানুষ ও কৃষকেরা খুশি হয়েছেন। তারা অত্যন্ত নম্র ভদ্র ও ভালো মনের মানুষ, তারা দীর্ঘ সময় থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। আগে এলাকার কৃষকদের সার কিনতে দূরে যেতে হতো। এখন স্থানীয় বাজারে সার পাওয়া গেলে তাঁদের কষ্ট অনেকটাই কমবে। আমরা আশা করি, তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে কৃষকদের কাছে ন্যায্যমূল্যে সার বিক্রি করবেন।
স্থানীয় বাসিন্দা মোজাম, জনি ও রাসিদুল বলেন, এলাকার কৃষকদের সার কিনতে দূরের বাজারে যেতে হতো। তাঁদের সার সংগ্রহের ব্যবস্থা করতে তাদেরও বিভিন্ন বাজারে যেতে হয়েছে। তারা দীর্ঘদিন ধরে বিল্লী বাজার এলাকায় একটি সার ডিলারের প্রত্যাশা করেছিলেন। নতুন ডিলার নিয়োগের মাধ্যমে সেই প্রত্যাশা পূরণ হয়েছে। এখন এলাকার কৃষকেরা বাড়ির কাছের বাজার থেকেই সার কিনতে পারবেন বলে আশা করছি।
এ বিষয়ে জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম বলেন, কলমা ইউনিয়ন একটি বড় এলাকা। এর মধ্যে বিল্লী এলাকা কৃষিপণ্য উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। আমি দীর্ঘদিন ধরে কৃষিকাজ ও কৃষিপণ্যের ব্যবসার সঙ্গে জড়িত। এ কারণে বিল্লী বাজারে সার ডিলার হওয়ার জন্য আমার পরিবার থেকে আবেদন করেছিলাম। জেলা সার ও বীজ মনিটরিং কমিটি যাচাই-বাছাই করে ডিলার নিয়োগ দিয়েছে। আমরা সরকারের নিয়মনীতি মেনে সুষম বণ্টন নিশ্চিত করে ন্যায্যমূল্যে সার বিক্রি করতে চাই। আমাদের কারণে যেনো কারও আস্থার ক্ষতি না হয়, সেদিকেও খেয়াল রাখবো। ইনশাল্লাহ আমাদের মাধ্যমে এলাকার কৃষকেরা উপকৃত হবেন।
Print [1]