বৃষ্টি উপেক্ষা করে নিজেদের জানান দিল মোহনপুর, ৫-২ গোলে দুর্দান্ত জয়
রাজশাহী ব্যুরো: বৃষ্টি উপেক্ষা করে দুর্দান্ত ফুটবল নৈপুণ্য দেখিয়ে রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বড় জয় পেয়েছে গত আসরের চ্যাম্পিয়ন মোহনপুর উপজেলা। তৃতীয় ম্যাচে গোদাগাড়ী উপজেলা দলকে ৫-২ গোলে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়েছে মোহনপুর।
সোমবার (২৪ আগস্ট) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই ছিল টানটান উত্তেজনা। খেলার কয়েক মিনিটের মধ্যেই গোল করে এগিয়ে যায় গোদাগাড়ী উপজেলা। গোল পরিশোধে মরিয়া হয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর।
ক্রমাগত আক্রমণের একপর্যায়ে গোল করে খেলায় সমতা ফেরায় মোহনপুর। এরপর শুরু হয় বৃষ্টি। তবে বৃষ্টি উপেক্ষা করেই খেলা চালিয়ে যায় দুই দল। প্রতিকূল আবহাওয়ার মধ্যেও আক্রমণের ধার কমেনি মোহনপুরের। অল্প সময়ের ব্যবধানে আরও একটি গোল করে ২-১ ব্যবধানে এগিয়ে যায় তারা। প্রথমার্ধ শেষ হয় মোহনপুরের এক গোলের ব্যবধানে এগিয়ে থাকার মধ্য দিয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে খেলায় সমতা ফেরায় গোদাগাড়ী। এতে ম্যাচে আবারও উত্তেজনা ফিরে আসে। কিন্তু এরপর মোহনপুরের আক্রমণাত্মক ফুটবলের সামনে অনেকটাই অসহায় হয়ে পড়ে গোদাগাড়ীর রক্ষণভাগ।
মোহনপুরের মুহুর্মুহু আক্রমণে একের পর এক গোলের সুযোগ তৈরি হতে থাকে। দ্বিতীয়ার্ধে আরও তিনটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নিয়ে নেয় তারা। তবে বেশ কয়েকটি গোলের সুযোগ পাই গোদাগাড়ী। কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হয় তারা। শেষ পর্যন্ত ৫-২ গোলের বড় ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে গতবারের চ্যাম্পিয়ন মোহনপুর।
রেফারির শেষ বাঁশির সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন গ্যালারিতে থাকা মোহনপুরের সমর্থকরা। তাদের সেই উচ্ছ্বাসে যোগ দেয় দলের সকল খেলোয়াড়েরাও। জয় উদযাপনে মোহনপুরের বিদেশি খেলোয়াড়রা গ্যালারিতে গিয়ে দর্শকদের সঙ্গে ছবি ও সেলফি তোলেন। এতে গ্যালারির আনন্দ আরও প্রাণবন্ত হয়ে ওঠে।
মোহনপুর উপজেলা দলের হয়ে মাঠে থাকা দুই বিদেশি খেলোয়াড়ের নৈপুণ্যও নজর কেড়েছে দর্শকদের। তাদের গতি, বল নিয়ন্ত্রণ ও আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ হন মাঠে উপস্থিত ফুটবলপ্রেমীরা।
দারুণ এই জয়ের মধ্য দিয়ে গত আসরের চ্যাম্পিয়ন মোহনপুর এবারের জেলা প্রশাসক গোল্ডকাপেও নিজেদের সামর্থ্যের জানান দিল। অন্যদিকে বড় ব্যবধানে হারলেও ম্যাচের শুরুতে এগিয়ে গিয়ে লড়াই জমিয়ে তুলেছিল গোদাগাড়ী উপজেলা দল।
এদিকে টুর্নামেন্টের পরবর্তী ম্যাচে অর্থাৎ চতুর্থতম ম্যাচ আজ মঙ্গলবার (২৫ আগস্ট) মাঠে নামছে এবারের আসরের দুই ফেভারিট দল। রাজশাহী সিটি করপোরেশন ও পবা উপজেলা দল। বিকেল ৪টায় রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রকাশিত সূচি অনুযায়ী, এ ম্যাচেই মুখোমুখি হবে দুই দল।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি দুই দলেই বিদেশি খেলোয়াড় থাকায় ম্যাচটি ঘিরে দর্শকদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি আগ্রহ। ফলে আজকের ম্যাচটিকে টুর্নামেন্টের অন্যতম আকর্ষণীয় লড়াই হিসেবে দেখছেন ফুটবলপ্রেমীরা।