ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬ , আজকের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

বেরোবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

বেরোবিতে গুচ্ছের ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

পারভেজ হাসান |  বেরোবি
সারাদেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘সি’ (ব্যবসায় শিক্ষা) ইউনিটের ভর্তি পরীক্ষা একযোগে সমন্বিত গুচ্ছ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ মার্চ) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) কেন্দ্রে সুষ্ঠুভাবে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বেরোবি কেন্দ্রে মোট ৩ হাজার ৬৯ পরীক্ষার্থীর মধ্যে ২ হাজার ৫৬৮ জন অংশগ্রহণ করেন। এই কেন্দ্রে মোট উপস্থিতির হার ছিল ৮৩.৬৮ শতাংশ। পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ শওকাত আলী কেন্দ্র পরিদর্শন করেন।
পরীক্ষা পরিদর্শন শেষে বেরোবি উপাচার্য বলেন, দেশের ২০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একযোগে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এ পদ্ধতিতে পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সময় ও অর্থ সাশ্রয়ের পাশাপাশি দূরদূরান্তে যাতায়াতের ভোগান্তিও কমেছে।
এসময় উপাচার্য আরও বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মোঃ ফেরদৌস রহমান, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ও প্রক্টর প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা।
জিএসটি সমন্বিত ভর্তি কমিটি সূত্রে জানায়, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট (মানবিক) এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিট (বিজ্ঞান) এর ভর্তি পরীক্ষা একই সময়সূচিতে অনুষ্ঠিত হবে।