রাজশাহী ব্যুরো: ভুয়া ফেসবুক আইডি খুলে রাজশাহী প্রেসক্লাব ও দ্বায়িত্বপ্রাপ্তদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য ও অপপ্রচারের অভিযোগ তুলে ক্লাবটির পক্ষ থেকে সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ৩০ মে রাতে নগরীর বোয়ালিয়া মডেল থানায় এই জিডি করা হয়েছে বলে ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে।
জিডি সূত্রে জানা যায়, গত ৩০ মে সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে রাজশাহী প্রেসক্লাবে অবস্থানকালে ক্লাবের পাঠাগার সম্পাদক সাংবাদিক সুরুজ আলী তার মোবাইল ফোনের মাধ্যমে ফেসবুকে দেখতে পান যে, একাধিক ভুয়া ফেসবুক আইডি খুলে তার নাম এবং রাজশাহী প্রেসক্লাবের অন্যান্য সাংবাদিকদের পরিচয় ও ছবি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করছে। একই সঙ্গে বিভ্রান্তিকর ছবি পোস্ট করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার অপচেষ্টা চালানো হচ্ছে।
এসব কর্মকাণ্ডের ফলে তার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত সুনাম ক্ষুণ্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিষয়টি জানতে পেরে তিনি বিভিন্ন উপায়ে সংশ্লিষ্ট অপপ্রচারকারীদের পরিচয় শনাক্তের চেষ্টা করলেও এখন পর্যন্ত তাদের শনাক্ত করতে সক্ষম হননি।
এঘটনায় ক্লাবটির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা মামুন জানান, রাজশাহী প্রেসক্লাব হচ্ছে ঐতিহ্যবাহী এবং মাদার প্রেসক্লাব। এটি সাংবাদিকদের অধিকার, মর্যাদা ও পেশাগত নিরাপত্তা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং এটি সাংবাদিকবান্ধব ও অরাজনৈতিক সংগঠন।
এই ক্লাব কোন ব্যক্তি বা গোষ্ঠীর অন্যায় চাপের কাছে নতি স্বীকার করে না এবং ভবিষ্যতেও করবে না। সাংবাদিকদের মর্যাদা ও অধিকার রক্ষার প্রশ্নে রাজশাহী প্রেসক্লাব সবসময় আপসহীন থাকবে। ঐক্য, পেশাদারিত্ব ও সত্যের পক্ষে থেকে আমরা সাংবাদিক সমাজের কল্যাণে কাজ করে যাব-এটাই আমাদের অঙ্গীকার।
এছাড়াও রাজশাহী প্রেসক্লাবের কোনো সদস্যের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, ষড়যন্ত্র, হয়রানি, হুমকি-ধামকি কিংবা সম্মানহানিকর কোনো কর্মকাণ্ড পরিচালিত হলে তা কখনোই নীরবে মেনে নেওয়া হবে না বলে হুশিয়ার করেন। একজন সাংবাদিকের ওপর অন্যায় মানেই পুরো সাংবাদিক সমাজের ওপর আঘাত। তাই প্রেসক্লাবের যেকোনো সদস্যের স্বার্থ, নিরাপত্তা ও সম্মান রক্ষায় রাজশাহী প্রেসক্লাব সর্বদা ঐক্যবদ্ধ, সতর্ক এবং সোচ্চার থাকবে।
পরে এব্যাপারে সুরুজ আলী অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত তথ্য ও ছবিগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এ ধরনের অপপ্রচার বন্ধে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম জানান, এমন অভিযোগ তুলে একটি সাধারণ ডায়েরি গ্রহণ করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 









