ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬ , আজকের সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎

ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎

‎ ‎হেলাল মজুমদার কুষ্টিয়া ‎ কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামন পাড়া আজিজ বিড়ি মোড় সংলগ্ন এলাকায় ‘ফিরোজ এন্টারপ্রাইজ’ নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আবাসিক এলাকায় অবৈধভাবে দাহ্য তেল মজুদ ও বিক্রয় করার গুরুতর অভিযোগ উঠেছে। ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ঘনবসতিপূর্ণ এলাকায় এভাবে তেল ব্যবসার কারণে স্থানীয় বাসিন্দাদের মধ্যে বড় ধরনের অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের আতঙ্ক বিরাজ করছে। ‎ ‎

অভিযোগের বিষয়ে জানতে চাইলে ফিরোজ এন্টারপ্রাইজের মালিক ফিরোজ খান দাবি করেন, আমি ফায়ার সার্ভিসের কাগজপত্র ও পৌরসভার ট্রেড লাইসেন্স করে অনুমোদন নিয়েই তেলের ব্যবসা করছি। আমার সব ধরনের বৈধ কাগজপত্র ও লাইসেন্স রয়েছে। ‎ ‎তবে ফিরোজ খানের এই দাবি নাকচ করে দিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরীফুল ইসলাম জানান, ফিরোজ এন্টারপ্রাইজ নামে কোনো প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে কোনো ধরনের অনুমোদন নেয়নি এবং তাদের কোনো লাইসেন্স দেওয়া হয়নি। কেউ যদি জ্বালানি তেলের ব্যবসা করতে চান, তবে তাকে সবার আগে পরিবেশ অধিদপ্তরের অনুমতি বা ছাড়পত্র নিতে হবে।

‎ ‎এ বিষয়ে ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌরসভার প্রশাসক আমিরুল আরাফাত বলেন, উক্ত প্রতিষ্ঠানটি পৌরসভা থেকে কেবল খুচরা তেল ব্যবসায়ী হিসেবে একটি ট্রেড লাইসেন্স সংগ্রহ করেছে। কিন্তু কেউ যদি এই লাইসেন্স দেখিয়ে তেল অবৈধভাবে মজুদ করে বা বৃহৎ আকারে বিপজ্জনক ব্যবসা পরিচালনা করে, তবে তার বিরুদ্ধে আমরা অবশ্যই কঠোর আইনগত ব্যবস্থা নিবো।

‎ ‎তিনি আরও বলেন, আবাসিক এলাকায় এভাবে বড় পরিসরে বা বৃহৎ আকারে তেল ব্যবসা করার কোনো সুযোগ নেই। দেশের প্রচলিত বিস্ফোরক দ্রব্য আইন অনুযায়ী আবাসিক এলাকায় এ ধরনের ঝুঁকিপূর্ণ ব্যবসা পরিচালনা করা সম্পূর্ণ বেআইনি এবং এটি একটি কঠোর দণ্ডনীয় অপরাধ। ‎ ‎স্থানীয় সচেতন মহল অবিলম্বে এই অবৈধ তেলের ডিপো বা মজুদ বন্ধে এবং আবাসিক এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।