ডেঙ্গু আক্রান্ত ২১ এডিস মশা লার্মার ছোবল থেকে সিলেট নগরবাসীকে রক্ষা করতেবাড়ি বাড়ি যাচ্ছেন সিসিক প্রশাসক
এ যেন স্বাস্থ্য সচেতনতায় জনসম্পৃক্ততার আন্দোলন
এমদাদুর রহমান চৌধুরী জিয়া, সিলেট ব্যুরো: নিজের বাড়ির আঙিনা পরিষ্কার রাখা, যেখানে-সেখানে ময়লা না ফেলা কিংবা বাড়ির আশপাশে পানি জমতে না দেওয়া—এমন ছোট ছোট সচেতনতাই পারে ডেঙ্গুসহ মশাবাহিত রোগের ঝুঁকি কমাতে। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর নগর গড়তে শুধু সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের ওপর নির্ভর না করে নগরবাসীকেও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানাচ্ছেন সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। এ বার্তা নিয়ে তিনি নিজেই নেমেছেন মাঠে। নগরীর এক এলাকা থেকে অন্য এলাকায় ছুটে যাওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের উদ্বুদ্ধ করছেন পরিচ্ছন্নতায়।
মশক নিধন ও এডিস মশার বংশবিস্তার রোধে লার্ভা ধ্বংসের লক্ষ্যে সিলেট নগরীর সব কটি ওয়ার্ডে একযোগে অভিযান চালাচ্ছে সিসিক। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে নগরীর জল্লারপাড় এলাকায় চলমান এ কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
এসয় বাড়ি বাড়ি গিয়ে নিজে সুস্থ থাকতে নগরীর বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি।
নাগরিকদের উদ্বুদ্ধ করেন স্থানে ময়লা-আবর্জনা না ফেলা, বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও যাতে পানি জমিয়ে না রাখার বিষয়ে।
তবে তাঁর এ পরিদর্শন শুধু পরিচ্ছন্নতাকর্মী ও মশক নিধনকর্মীদের কাজ তদারকি নয়; বরং নগরীর বাস্তব পরিস্থিতি পর্যবেক্ষণ। পাশাপাশি নগরবাসীকে স্বাস্থ্য সচেতনতার আন্দোলনে সম্পৃক্ত করে নগরীর পরিবেশ রক্ষা।
আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, ‘আমরা একটি পরিচ্ছন্ন নগরী গড়তে চাই, পরিবেশ নিশ্চিত করা গেলে নগরবাসীর স্বাস্থ্যঝুঁকি কমবে এবং মশাবাহিত রোগ থেকেও সুরক্ষা পাওয়া সম্ভব হবে
মশার ওষুধের কার্যকারিতা নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে তিনি বলেন, দেশের সব সিটি করপোরেশন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানের একই উৎস থেকে মশার ওষুধ সংগ্রহ করে। বিভিন্ন পর্যায়ে কার্যকারিতা যাচাইয়ের পর এসব ওষুধ কেনা ও প্রয়োগ করা হয়। তাই ওষুধের পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়টিও সমান গুরুত্ব দিয়ে দেখতে হবে।
আব্দুল কাইয়ুম চৌধুরী আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান পরিচ্ছন্ন নগর গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়ে কাজ করার নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী সিসিক কার্যক্রম পরিচালনা করছে। সিলেটে এখনো এডিস মশার বিস্তার ঘটেনি। তবে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও জীবনহানি কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হোক, তা আমরা চাই না।
এ সময় সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রেজাই রাফিন সরকার বলেন, আমরা নগরবাসীকে সুরক্ষা দিতেই কাজ করছি।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২৫ নভেম্বর পর্যন্ত সিলেটে ২১ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। যদিও এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি। আমরা চাই নগরবাসীকে নিরাপদ রাখতে। সেই লক্ষ্যেই আমরা কাজ করছি।
বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্য সচেতন আন্দোলনের অভিযান কালে সিসিকের সচিব মো. আশিক নূর, প্রধান রাজস্ব কর্মকর্তা বিশ্বজিত দেব, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা লে. কর্নেল (অব.) মোহাম্মদ একলিম আবদীনসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, সংশ্লিষ্ট এলাকার বিশিষ্টজন ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।