ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫ , আজকের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬

রাজশাহীর আলোচিত বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

রাজশাহীর আলোচিত বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

রাজশাহী ব্যুরো: রাজশাহী প্রেসক্লাবের সভাপতি ও ভাষা সৈনিক পরিবারের সন্তান সাইদুর রহমান বহিষ্কৃত ডিবি পুলিশ সদস্য হাসানের সহযোগীদেরও চার্জশিটে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) রাজশাহী জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এ দাবি উত্থাপন করেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে সাইদুর রহমান বলেন, বহিষ্কৃত ডিবি হাসান গত কয়েক বছরে অসংখ্য মানুষকে নির্যাতন করেছে। বিশেষ করে ২০১৯ সালের ২৩ অক্টোবর রাজশাহীতে ঘটে এক ভয়াবহ ঘটনা। সেদিন দিনে-দুপুরে একটি বাসায় গিয়ে হাসান একজন নিরীহ মানুষকে মাদক দিয়ে ফাঁসিয়ে দেয়। ওই ঘটনায় হাসানের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের ভিডিও ফুটেজ দেখে শনাক্ত করে চার্জশিটে অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
তিনি আরও অভিযোগ করেন, কয়েক বছরের ব্যবধানে হাসান রাজশাহীতে ২-৩টি বাড়ি নির্মাণ করেছে। একজন এসআই হয়েও এত বিপুল সম্পদের উৎস কোথা থেকে এলো, তা দুদককে খতিয়ে দেখা জরুরি।

প্রেসক্লাব সভাপতি সভায় আরও জানান, গত সভায় তিনি যে দাবিগুলো তুলেছিলেন, তার অনেকগুলোই ইতোমধ্যে বাস্তবায়িত হয়েছে। বর্তমানে রাজশাহীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। এ সময় তিনি আরএমপি কমিশনার এবং বোয়ালিয়া থানার ওসিকে ধন্যবাদ জানান। সভায় জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।