ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

শ্রীপুরে সন্ত্রাসবিরোধী মামলায় মৃত দুই জনপ্রতিনিধি আসামি

মো :আব্দুল বাতেন বাচ্চু, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সন্ত্রাসবিরোধী আইনে পুলিশের করা একটি মামলায় দুই মৃত জনপ্রতিনিধিকে আসামি করার ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। মামলার এজাহারে তাঁদের নাম ও পরিচয় থাকলেও দুজনই প্রায় দুই বছর আগে মারা গেছেন। বিষয়টি জানাজানি হওয়ার পর বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন স্বজনরা।

গত ২৪ নভেম্বর শ্রীপুর থানায় মামলাটি করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মোশাররফ হোসেন। এতে ১১১ জনকে আসামি করা হয়েছে। তাঁদের মধ্যে ৯১ ও ১০৪ নম্বর আসামি হিসেবে রয়েছেন দুই মৃত জনপ্রতিনিধি।

এজাহার সূত্রে জানা গেছে, ৯১ নম্বর আসামি করা হয়েছে শ্রীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. আলী আজগরকে; অথচ তিনি ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর মারা যান। পৌরসভার কেওয়া পশ্চিমখণ্ড এলাকায় তাঁর বাড়ি ছিল। অন্যদিকে, ১০৪ নম্বর আসামি করা হয়েছে ২নং গাজীপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. ইদ্রিস আলীকে। তিনি ২০২৪ সালের ২ ডিসেম্বর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বাড়ি ওই ইউনিয়নের বাঁশবাড়ি গ্রামে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ২৩ নভেম্বর তেলিহাটি ইউনিয়নের মুলাইদ রঙিলা বাজার এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সন্ত্রাসবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলকে প্রধান আসামি করে ১১১ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

মৃত ইদ্রিস আলীর ভাই ও একজন স্কুলশিক্ষক বলেন, তাঁর ভাই ২০২৪ সালের ২ ডিসেম্বর মারা গেছেন। মৃত্যুর প্রায় এক বছর পরের একটি ঘটনায় তাঁকে কীভাবে আসামি করা হলো, তা তাঁদের বোধগম্য নয়। মৃত ব্যক্তি কীভাবে কোনো কর্মকাণ্ডে অংশ নিতে পারেন, এমন প্রশ্ন তুলে তিনি বলেন, ভাইকে হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই মামলায় নাম দেখে পরিবার মানসিকভাবে বিপর্যস্ত হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাজাহারুল ইসলাম বলেন, মামলায় আসামির সংখ্যা অনেক; কীভাবে মৃত ব্যক্তিদের নাম এজাহারে অন্তর্ভুক্ত হয়েছে, তা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর জেলা পুলিশের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (কালিয়াকৈর সার্কেল) মো. শফিকুল আলম ঢাকার ডাক কে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আসামি হিসেবে নাম অন্তর্ভুক্তির ক্ষেত্রে ভুল হয়ে থাকতে পারে; তদন্তে বিষয়টি নিশ্চিত হলে তাঁদের নাম মামলা থেকে বাদ দেওয়া হবে।