মো : আব্দুল বাতেন বাচ্চু, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সমবায়ীদের উৎপাদিত পণ্য সরাসরি ভোক্তাদের কাছে বিক্রির সুযোগ তৈরি করতে পৃথক সমবায় বাজার ও মার্কেট স্থাপনের দাবি জানিয়েছেন সমবায়ী নেতারা। তাদের দাবি, এমন বাজার গড়ে তোলা হলে উৎপাদকরা পণ্যের ন্যায্যমূল্য পাবেন এবং ভোক্তারাও নিরাপদ ও মানসম্মত পণ্য কেনার সুযোগ পাবেন।
‘করব সমবায়, গড়ব দেশ সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এসব দাবি জানানো হয়। রোববার (৮ নভেম্বর) সকালে শ্রীপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রাটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ জাকারিয়ার স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান। প্রধান অতিথি ছিলেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চু।
আলোচনা সভায় সমবায়ীদের পক্ষে বক্তব্য দেন শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নান, শ্রীপুর পশ্চিমপাড়া সার্বিক সমবায় সমিতির সভাপতি মাঈন উদ্দিন, পাথারপাড়া মৎস্য চাষি সমবায় সমিতির সেলিম আহমেদ এবং ঢাকা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া।
আব্দুল্লাহ আল আমিন ভূঁইয়া বলেন, সমবায়ীরা বর্তমানে নানা সমস্যায় জর্জরিত। তাদের দীর্ঘদিনের প্রত্যাশা একটি বৃহৎ সমবায় বাজার গড়ে তোলা। এর মাধ্যমে সমবায়ীদের উৎপাদিত পণ্য সহজেই ভোক্তাদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। বর্তমানে বাজারে বিক্রি হওয়া বিভিন্ন পণ্যের মান ও নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে। এ জন্য তিনি কৃষি সমবায় সমিতিগুলো সচল করার আহ্বান জানান। পাশাপাশি সমবায় মার্কেট স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, সেখানে সমবায়ীরা নিজেদের উৎপাদিত পণ্য বিক্রি করে আর্থিকভাবে লাভবান হতে পারবেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরিফা আক্তার বলেন, সমাজের ছোট ছোট উদ্যোগ ও কাজকে গুরুত্ব দিতে হবে। এসব উদ্যোগের মাধ্যমে সমাজ, উপজেলা, জেলা থেকে শুরু করে পুরো দেশের উন্নয়নে ভূমিকা রাখা সম্ভব। সমবায়ের মূল লক্ষ্য হওয়া উচিত সম্মিলিত কল্যাণ।
সভায় সমবায় বাজার ও মার্কেট স্থাপনের পাশাপাশি সমবায় সমিতির ব্যবস্থাপনা কমিটির মেয়াদ পাঁচ বছর করার প্রস্তাবও তুলে ধরেন সমবায়ীরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, শ্রীপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি এস এম মাহফুল হাসান হান্নানসহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি, সমবায়ী ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।