ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা।

স্বপ্ন পূরণের লক্ষ্যে আত্মবিশ্বাসী হচ্ছে বাঘার স্বপ্নসারথি কিশোরীরা।

বাল্যবিয়েমুক্ত ভবিষ্যৎ গড়তে হাবাসপুরে অনুষ্ঠিত হলো ‘স্বপ্নকে ছুঁয়ে দেখি’ জীবন দক্ষতা উন্নয়ন সেশন

বাল্যবিয়ে প্রতিরোধ এবং নিজেদের ভবিষ্যৎ লক্ষ্য নির্ধারণের মাধ্যমে স্বপ্নপূরণের পথে এগিয়ে যেতে রাজশাহীর বাঘা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে স্বপ্নসারথি কিশোরীদের জীবন দক্ষতা উন্নয়ন সেশন ‘স্বপ্নকে ছুঁয়ে দেখি’ পর্ব-১।

সোমবার (৯ নভেম্বর )বিকেল ৩টা ৩০ মিনিটে বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হাবাসপুর গ্রামে আয়োজিত এ সেশনে স্বপ্নসারথি কিশোরী দলের ৩২ জন সদস্য অংশগ্রহণ করে।

সেশনটি পরিচালনা করেন কর্মসূচির উপজেলা কর্মকর্তা মোঃ মোমিনুল ইসলাম। সহযোগী হিসেবে উপস্থিত ছিলেন সিও সেলপ মোঃ মমিনুল ইসলাম।

সেশনে কিশোরীদের নিজেদের জীবনের নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ, সেই লক্ষ্য অর্জনের বিভিন্ন ধাপ অতিক্রমের কৌশল এবং স্বপ্ন বাস্তবায়নের বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন বিষয়ে হাতে-কলমে ধারণা ও দক্ষতা প্রদান করা হয়। পাশাপাশি নিজেদের সক্ষমতা সম্পর্কে সচেতন হওয়া, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং ভবিষ্যৎ জীবন গঠনে ইতিবাচক মনোভাব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

সেশন শেষে অংশগ্রহণকারী কিশোরী তাহরিমা, আসমা, লাবিবা, জামিয়া ও মালিহা নিজেদের অনুভূতি প্রকাশ করে জানায়, স্বপ্নসারথি দলের সদস্য হিসেবে এ ধরনের সেশনে অংশগ্রহণের মাধ্যমে নিজেদের প্রতি আত্মবিশ্বাস ও মনোবল বেড়েছে। জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য স্থির করে তা অর্জনের জন্য কীভাবে এগিয়ে যেতে হবে, সে সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পেয়েছে। তাদের মতে, এই সেশন নিজেদের স্বপ্ন পূরণে অনেক সহায়ক হবে।

আয়োজকরা মনে করেন, কিশোরীদের জীবন দক্ষতা, আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা বৃদ্ধি পেলে তারা বাল্যবিয়ের ঝুঁকি মোকাবিলা করে নিজেদের শিক্ষাজীবন অব্যাহত রাখতে এবং একটি সুন্দর, নিরাপদ ও স্বপ্নময় ভবিষ্যৎ গড়ে তুলতে আরও সক্ষম হবে।