কুষ্টিয়া সীমান্তে বিজিবির পৃথক অভিযানে আটক ২ চোরাকারবারী, জব্দ বিপুল চোরাচালান পণ্য
দৌলতপুর(কুষ্টিয়া) প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক তিনটি অভিযানে দুইজন চোরাকারবারীকে আটকসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) অধীনস্থ বিভিন্ন বিওপি শুক্রবার ভোররাতে এসব অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, ২৭ মার্চ ভোর আনুমানিক ২টা ১০ মিনিটে জামালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ১৫৩/এমপি থেকে প্রায় ১০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কান্দিরপাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় দুই বাংলাদেশি চোরাকারবারী—মোঃ মিঠুন মন্ডল (৩৫) ও শহীদ হোসেন (২৫)—কে আটক করা হয়। তাদের কাছ থেকে ২০ বোতল ভারতীয় মদ, ৪০০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট এবং ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৫৩ হাজার টাকা।
এর আগে একই দিন রাত ১টা ১০ মিনিটে চিলমারী বিওপির দায়িত্বপূর্ণ গরুরা মাঠ এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ২৪ কেজি কারেন্ট জাল ও ৪ লিটার অকটেন তেল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ২০ হাজার ৫২০ টাকা।
পরে ভোর ৪টা ২০ মিনিটে বিলগাথুয়া বিওপির পূর্ব বিলগাথুয়া মাঠ এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে ৭০ বোতল ফেয়ারডিল সিরাপ ও ৩৬০ পিস সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট উদ্ধার করা হয়। এসব পণ্যের আনুমানিক মূল্য ১ লাখ ৩৬ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান দমনে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। দেশের নিরাপত্তা নিশ্চিত ও যুবসমাজকে মাদকের ক্ষতি থেকে রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 




















