বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সাথে এসপি তারিকুল ইসলাম এর মত বিনিময়
মোহাম্মদ আককাস আলী :
মঙ্গলবার (১৬ জুন) সকালে নওগাঁ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নারী শিক্ষার্থীদের সাথে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম মাদক, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা ও টিনেজ সাইবার ক্রাইম সম্পর্কে সচেতনতামূলক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা মোসা রাবেয়া খাতুন এর সভাপতিত্বে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম পাওয়ার কম্পিউটার এবং প্রজেক্টর এর মাধ্যমে পয়েন্ট উপস্থাপনার দ্বারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি বলেন, বর্তমান সমাজে মাদকাসক্তি, বাল্যবিবাহ, সড়ক দুর্ঘটনা এবং সাইবার অপরাধ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। এসব সামাজিক অপরাধ প্রতিরোধে শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি মাদকের ভয়াবহ ক্ষতিকর প্রভাব সম্পর্কে শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবনই ধ্বংস করে না,বরং একটি পরিবার ও সমাজকে বিপর্যয়ের মুখে ঠেলে দেয়। তাই মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং এর কুফল সম্পর্কে সবাইকে সচেতন করা জরুরি।
বাল্যবিবাহ প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি সামাজিক ব্যাধি এবং আইনত দণ্ডনীয় অপরাধ। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশ ব্যাহত হয়। এ ধরনের ঘটনা প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজকে উদ্বুদ্ধ করার আহ্বান জানান তিনি।
সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ট্রাফিক আইন মেনে চলা, রাস্তা পারাপারে সতর্কতা অবলম্বন এবং সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল আচরণ করার গুরুত্ব তুলে ধরেন পুলিশ সুপার। তিনি বলেন, সামান্য অসচেতনতাই বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।
সাইবার ক্রাইম বিষয়ে বক্তব্য দিতে গিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, অপরিচিত ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত তথ্য অথবা অতি-ব্যক্তিগত ছবি শেয়ার না করা, অনলাইন প্রতারণা ও সাইবার বুলিং, বিকাশের মাধ্যমে প্রতারণা সম্পর্কে সচেতন থাকার পরামর্শ দেন। বিশেষ করে তিনি ছাত্রীদেরকে পর্নোগ্রাফি সংক্রান্তের সচেতন হওয়ার জন্য আহ্বান জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে যেকোনো ধরনের অতি ব্যক্তিগত ছবি বন্ধু আত্মীয়স্বজন অথবা কারো নিকট শেয়ার না করার জন্য সতর্ক করেন। কোনো ধরনের অনলাইন হয়রানি বা প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার আহ্বান জানান তিনি। মতবিনিময় সভার প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, সাইবার নিরাপত্তা ও আইন সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। পুলিশ সুপার তাদের প্রশ্নের তাৎপর্যপূর্ণ উত্তর প্রদান করেন এবং পুলিশ সুপারের সাথে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও মতবিনিময়কারী কয়েকজন ছাত্রীকে পুরস্কার প্রদান করেন। ফাইনালি পুলিশ সুপার ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উধার আহ্বান জানান ।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















