ডেইলী নিউজ বাংলা ডেস্ক , আপলোডের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬ , আজকের সময় : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ

ভেড়ামারায় ফরহাদ ফার্মেসিকে ৫০ হাজার টাকা জরিমানা, জব্দ মেয়াদোত্তীর্ণ ওষুধ
‎
‎
‎
‎ হেলাল মজুমদার কুষ্টিয়া
‎কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রাখার অভিযোগে ফরহাদ ফার্মেসির মালিক ফরহাদ হোসেন (৩২) কে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
‎
‎বুধবার (১১ নভেম্বর ২০২৬) দুপুর ৩টার দিকে ভেড়ামারা পৌরসভার রেলওয়ে মসজিদ গলির মার্কেটে অবস্থিত ফরহাদ ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে দোকানে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। এ অপরাধে ওষুধ ও কসমেটিক আইন, ২০২৩-এর ৪০(খ) ধারায় দোকানমালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
‎
‎ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভেড়ামারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। অভিযানে সহযোগিতা করেন ভেড়ামারা থানার এসআই রাশিদুল আলম এবং জেলা ওষুধ প্রশাসনের সহকারী পরিচালক রহমতউল্লাহ।
‎
‎অভিযোগকারী ফরহাদ আলী জানান, গত কয়েক দিন আগে ওষুধ নিয়ে বাড়িতে যাওয়ার পর তিনি ওষুধের মেয়াদ উত্তীর্ণ দেখতে পান। পরে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিতভাবে অভিযোগ করেন।
‎
‎সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ফার্মেসিতে বেশ কিছু মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায়। দোকানদার সুকৌশলে এসব ওষুধ বিক্রির উদ্দেশ্যে মজুদ রেখেছিলেন। এ অপরাধে আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে।
‎
‎জনস্বাস্থ্য সুরক্ষায় ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও মজুদ বন্ধে নিয়মিত তদারকি এবং এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
‎