ভেড়ামারায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শহীদ প্রেসিডেন্ট Ziaur Rahman-এর ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল এবং দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
শনিবার ভেড়ামারায় বৃহত্তর কুষ্টিয়ার সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বাসভবনে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট কর্নেল মো. সামসুজ্জামান খান (অব.), ভেড়ামারা পৌর বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু দাউদ, মেহেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রুমানা আহমেদ, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুবদল-ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাসানুল হক অপু এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এস.এস. আল হুসাইন সোহাগ।
ছাড়াও মিরপুর ও ভেড়ামারা উপজেলার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় ফরিদা ইয়াসমিন এমপি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কর্মময় জীবন, দেশপ্রেম, স্বাধীনতা-পরবর্তী রাষ্ট্রগঠনে তাঁর অবদান এবং গণতন্ত্র প্রতিষ্ঠায় ভূমিকার কথা তুলে ধরেন। তারা বলেন, দেশের উন্নয়ন, জাতীয়তাবাদী চেতনা ও গণতন্ত্রের জন্য জিয়াউর রহমানের অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
পরে তাঁর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে অসহায় ও দুস্থ মানুষের মাঝে নগদ অর্থ এবং খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
বিএনপি নেতারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশের মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় থেকেই এ ধরনের মানবিক কর্মসূচি পালন করা হচ্ছে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 









