দৌলতপুরে মরহুম হাজি ডাঃ কামাল হোসেনের স্মরণে দোয়া মাহফিল
নিজস্ব প্রতিবেদকঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে বিশিষ্ট সমাজসেবক ও চিকিৎসক মরহুম হাজি ডাঃ কামাল হোসেনের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ আসর উপজেলা বাজারস্থ পলাশ হোমিও হলের সামনে স্থানীয় ব্যবসায়ীদের উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বাজারের ব্যবসায়ী, মুসল্লি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে মরহুমের ছোট ছেলে আবেগঘন বক্তব্যে তার বাবার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, ডাঃ কামাল হোসেন আজীবন মানুষের কল্যাণে কাজ করেছেন এবং অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। তিনি উপস্থিত সবার কাছে তার বাবার আত্মার মাগফিরাত কামনায় দোয়া চান।

দোয়া মাহফিল পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের সাবেক পেশ ইমাম আব্দুল জলিল। এ সময় বক্তারা মরহুমের মানবিক গুণাবলি ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তারা বলেন, তার মৃত্যু দৌলতপুরবাসীর জন্য এক অপূরণীয় ক্ষতি।
পারিবারিক সূত্রে জানা গেছে, পবিত্র হজ পালন করতে সৌদি আরবে অবস্থানকালে গত ১৫ মে তিনি জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হন। পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ২০ মে তিনি ইন্তেকাল করেন।
তার মৃত্যু সংবাদে দৌলতপুর বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। দোয়া মাহফিলে উপস্থিত সবাই মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বাজারের ব্যবসায়ী জামিরুল ইসলাম। দোয়া শেষে উপস্থিতদের মাঝে ব্যবসায়ীদের পক্ষ থেকে বিশেষ তবারক বিতরণ করা হয়।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 



















