ভেড়ামারায় অবৈধ বালু উত্তোলন বন্ধে প্রশাসনের হানা কঠোর অবস্থানে এসি ল্যান্ড
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদী থেকে অবৈধভাবে ফিলিং বালু উত্তোলন ও পরিবহন বন্ধে ঝটিকা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করার পাশাপাশি কঠোর হুঁশিয়ারি প্রদান করা হয়েছে।
১৭ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী পুরাতন ফেরিঘাট এলাকায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভেড়ামারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার। এসময় ভেড়ামারা থানা পুলিশের একটি বিশেষ দল তাকে সার্বিক সহযোগিতা প্রদান করে। সরেজমিনে জানা যায়, একদল অসাধু চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে ট্রলি ও ড্রামট্রাকের মাধ্যমে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে হার্ডিঞ্জ ব্রিজ ও আশপাশের প্রতিরক্ষা বাঁধ হুমকির মুখে পড়ার আশঙ্কা তৈরি হয়। অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের সাথে জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে বালু বহনের কাজে ব্যবহৃত ট্রাক ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়।
অভিযান প্রসঙ্গে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার বলেন, “অবৈধ বালু উত্তোলনের ফলে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে এবং জাতীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হচ্ছে। জনস্বার্থে এবং নদী রক্ষায় প্রশাসনের এই জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। যারাই এ ধরনের অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকবে, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।” স্থানীয়রা প্রশাসনের এই সাহসী পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন এবং এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনার দাবি জানিয়েছেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 


















