ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১

ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় পাবনা-কুষ্টিয়া মহাসড়কে শ্যামলী পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জুন) সকাল ৭টায় উপজেলার বাহিরচর ইউনিয়নের ১০মাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মনির হোসেন (২১)। তিনি ট্রাকের হেলপার ছিলেন। সে বগুড়ার সারিয়াকান্দি এলাকার সুরুজ আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৭টার দিকে শ্যামলী পরিবহনের একটি দূরপাল্লার যাত্রীবাহী বাস কুষ্টিয়া অভিমুখে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা লালন শাহ সেতুগামী পাটের বস্তা বোঝাই ট্রাক পাবনা-কুষ্টিয়া মহাসড়কের ১০মাইল নামক স্থানে এলে তার সামনের চাকা ফেটে যায়। ফলে ট্রাকটি মুহূর্তেই নিয়ন্ত্রণ হারায় এবং দুই পরিবহনের সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাকের হেলপার মনির হোসেন ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় ৩জন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এসময় দুর্ঘটনাস্থলে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে ভেড়ামারা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
এলাকাবাসী জানায়, স্থানটিতে মাঝে মধ্যেই সড়কে দুর্ঘটনা হয়, প্রাণহানির ঘটনা ঘটে। কিন্তু দৃশ্যমান কোনো প্রতিকার নেই।
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে যানজট নিরসন করি এবং হাইওয়ে থানাকে বিষয়টি অবগত করি।
কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ওসি শেখ সেকেন্দার আলী বলেন, সকালে পাবনা-কুষ্টিয়া হাইওয়ের ১০ মাইলে শ্যামলী পরিবহন ও মালবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়েছে। এতে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই মারা যান। লাশ স্বজনদের বুঝিয়ে দিয়ে আইন অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag :