রাজশাহী ব্যুরো: রাজশাহীতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে থানার গেটেই এক আসামির হামলার শিকার হয়েছেন সাংবাদিক। শনিবার (৬ জুন) দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানার সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাইবার অপরাধ সংক্রান্ত একটি মামলায় গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম জুলুকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলাকালে কয়েকজন সাংবাদিক বোয়ালিয়া মডেল থানায় উপস্থিত হয়ে ছবি ও ভিডিও ধারণ করছিলেন। এ সময় পুলিশের হেফাজতে থাকা অবস্থায় হঠাৎ ক্ষিপ্ত হয়ে ওঠেন জুলু।
তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে অশালীন ভাষায় গালিগালাজ করেন এবং এক সাংবাদিককে লাথি মারেন।
এছাড়া প্রিজন ভ্যানে উঠানোর সময় তিনি সংশ্লিষ্ট সাংবাদিককে হত্যার হুমকি দেন এবং তার স্ত্রী-সন্তানদের ক্ষতি করারও ভয়ভীতি প্রদর্শন করেন।
ঘটনার পর উপস্থিত সাংবাদিকরা বিষয়টি থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের অবহিত করেন এবং পরবর্তী সময়ে আইনগত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩০ মে রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নজরুল ইসলাম জুলু নামের একটি আইডি থেকে নিজেকে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি পরিচয় দিয়ে একটি পোস্ট দেওয়া হয়।
বিষয়টি নজরে আসার পর রাজশাহী প্রেসক্লাবের কার্যনির্বাহী সদস্য রাজিব আলী রাতুল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে একই রাতে বোয়ালিয়া মডেল থানায় সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ দায়ের করেন।
পুলিশি যাচাই-বাছাই শেষে ১ জুন মামলাটি রেকর্ড করেন। ওই মামলার ভিত্তিতে গত ৫ জুন রাতে নিজ বাসা থেকে নজরুল ইসলাম জুলুকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, নজরুল ইসলাম জুলুর বিরুদ্ধে দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে পাঠানোর সময় সাংবাদিকদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
তিনি আরও বলেন, অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 














